রবিবার

৪ অক্টোবর, ২০২৬ ১৯ আশ্বিন, ১৪৩৩

ইয়েমেনে হুতিদের ওপর শতাধিক হামলা, ৭০০ যোদ্ধা নিহতের দাবি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ অক্টোবর, ২০২৬ ০৮:১২

শেয়ার

ইয়েমেনে হুতিদের ওপর শতাধিক হামলা, ৭০০ যোদ্ধা নিহতের দাবি
ছবি সংগৃহীত

ইয়েমেনের রাজধানী সানাসহ দেশজুড়ে হুতিদের অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও কামানের গোলাবর্ষণ করা হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনের সামরিক বাহিনী। এসব হামলায় অন্তত ৭০০ হুতি বিদ্রোহী নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে।

ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আব্দুল্লাহ আল-নাজিলি শনিবার এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী সানার ‘বৈধ গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যস্থলগুলোতে’ সামরিক অভিযান চালাচ্ছে।

তিনি দাবি করেন, তারা ‘হুতিদের বিরুদ্ধে কৌশলগত আক্রমণ চালাতে সক্ষম’। শনিবার (৩ অক্টোবর) আলজাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে নাজিলি জানিয়েছিলেন, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনী গত ২৪ ঘণ্টায় হুতিদের বিরুদ্ধে প্রায় ৫০০টি সামরিক অভিযান চালিয়েছে। এসব অভিযানে ১ হাজার ৫৪০ জন হুতি যোদ্ধা নিহত বা আহত হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি জানান, অধিকাংশ হতাহতের ঘটনা ঘটেছে তায়িজ প্রদেশে। সেখানে সরকারি বাহিনী হুতিদের অগ্রযাত্রা রুখে দিয়েছে।

আলজাজিরা জানিয়েছে, সরকারের নিয়ন্ত্রণে থাকা তায়িজ শহর নতুন করে শুরু হওয়া লড়াইয়ের কেন্দ্র হয়ে উঠেছে। তবে সরকারি বাহিনীর হতাহতের বিষয়ে নাজিলি কোনো তথ্য দেননি।

তায়িজ থেকে আলজাজিরার প্রতিনিধি জানিয়েছেন, শহরটির চারপাশের কয়েকটি এলাকায় দুই পক্ষের মধ্যে তীব্র লড়াই চলছে। সবচেয়ে তীব্র সংঘর্ষ হচ্ছে শহরের পশ্চিমাংশের শহরতলিতে।