শনিবার

৩ অক্টোবর, ২০২৬ ১৮ আশ্বিন, ১৪৩৩

বিশ্বজুড়ে খাদ্যের দাম প্রায় চার বছরের মধ্যে সর্বোচ্চ: জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২৬ ২০:১৯

শেয়ার

বিশ্বজুড়ে খাদ্যের দাম প্রায় চার বছরের মধ্যে সর্বোচ্চ: জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে খাদ্যের দাম বাড়তে শুরু করেছে। আবহাওয়াজনিত ঝুঁকি এবং সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ায় গত সেপ্টেম্বরে বৈশ্বিক খাদ্যের দাম প্রায় চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সম্প্রতি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানিয়েছে এই তথ্য।

এতে খাদ্যমূল্য সূচক দাঁড়িয়েছে গড়ে ১৩৬ পয়েন্টে, আগস্টে যা ছিল ১৩৪। ২০২২ সালের নভেম্বরের পর এটাই সর্বোচ্চ। আগের মাসের তুলনায় দানাশস্যের দাম বেড়েছে ৫ দশমিক ১ শতাংশ, চিনির ৬ দশমিক ১ এবং ভোজ্যতেলের শূন্য দশমিক ৯ শতাংশ।

অন্যদিকে, মাংসের দাম ১ দশমিক ১ এবং দুগ্ধজাত পণ্যের দাম শূন্য দশমিক ১ শতাংশ কমেছে।

সংস্থাটি জানায়, হরমুজ প্রণালি ও কৃষ্ণ সাগরে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটায় খাদ্যপণ্যে চাপ বেড়েছে। তাছাড়া রয়েছে জ্বালানি ও পরিবহন সংকট। এ চাপ অব্যাহত থাকলে ভোক্তা পর্যায়েও দাম বাড়তে পারে।

রয়টার্সের তথ্যমতে, সবচেয়ে বেশি বেড়েছে চিনির দাম। আগস্টের তুলনায় এটি ৬.১ শতাংশ বেড়ে ১৮ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মূলত বৈরী আবহাওয়া ও ‘এল নিনো’র প্রভাবেই এমনটা হয়েছে।

পাশাপাশি, যুক্তরাষ্ট্রে ভুট্টার ফলন কম হওয়া ও কৃষ্ণসাগর দিয়ে শস্য সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় খাদ্যশস্যের দামও বেড়েছে ৫.১ শতাংশ। এছাড়া যুদ্ধের কারণে গমের দাম তিন বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছিল।