শনিবার

৩ অক্টোবর, ২০২৬ ১৮ আশ্বিন, ১৪৩৩

ইয়েমেনের রাজধানী সানায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২৬ ১৭:৪১

শেয়ার

ইয়েমেনের রাজধানী সানায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ
ছবি সংগৃহীত

ইরান সমর্থিত হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের রাজধানী সানায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শনিবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এদিকে ইয়েমেনের সৌদি সমর্থিত সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে লড়াই আরও তীব্র হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন এলাকায় ৪৭৪টি সামরিক অভিযান চালানোর দাবি করেছে সরকারি বাহিনী। এসব অভিযানে ১ হাজার ৫৪০ হুতি সদস্য নিহত ও আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আবদুল্লাহ আল-নাজিলি বলেন, হুতিদের অবস্থান ও সামরিক সরঞ্জাম লক্ষ্য করে যুদ্ধবিমান, ড্রোন, কামান, ক্ষেপণাস্ত্র ও রকেট লঞ্চার ব্যবহার করা হয়েছে। পাশাপাশি হুতিদের রসদ সরবরাহের পথ ও সামরিক গতিবিধিও এসব হামলার লক্ষ্য ছিল।

২০২২ সালে ইয়েমেনের সরকার ও হুতিদের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি হয়েছিল। তবে চলতি বছরের জুলাইয়ে ওই যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর দেশটিতে আবারও লড়াই তীব্র হয়ে ওঠে।

২০১৪ সালে হুতিরা রাজধানী সানা দখল করার পর থেকে ইয়েমেনে গৃহযুদ্ধ চলছে। ওই সময় আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার রাজধানী থেকে সরে দক্ষিণাঞ্চলীয় শহর এডেনে চলে যায়।

দীর্ঘদিনের এই সংঘাতের কারণে দেশটিতে বিপুলসংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

সূত্র: আল-জাজিরা।