শুক্রবার

২ অক্টোবর, ২০২৬ ১৭ আশ্বিন, ১৪৩৩

স্কুল শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, গ্রেপ্তার ২ হাজার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ অক্টোবর, ২০২৬ ১৯:১৯

শেয়ার

স্কুল শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, গ্রেপ্তার ২ হাজার
ছবি সংগৃহীত

ফ্রান্সজুড়ে স্কুল শিক্ষার্থীদের বিক্ষোভ ক্রমেই সহিংস হয়ে উঠেছে। শুক্রবার (২ অক্টোবর) দেশটির বিভিন্ন শহরে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করেছে এবং বিক্ষোভের ঘটনায় এ পর্যন্ত ২ হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন বিচারমন্ত্রী জেরাল্ড দারমানাঁ।

পূর্বাঞ্চলীয় শহর স্ট্রাসবুর্গে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। দক্ষিণাঞ্চলীয় মার্সেইয়ে পুলিশের সারি লক্ষ্য করে আতশবাজি ছোড়া হয়। পশ্চিমাঞ্চলীয় রেন শহরে আবর্জনার পাত্রে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। প্যারিসেও শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

গত সপ্তাহে প্যারিস অঞ্চলে শুরু হওয়া শিক্ষার্থীদের বিক্ষোভ পরে সারা দেশে ছড়িয়ে পড়ে। সময়ের সঙ্গে আন্দোলনটি সহিংস হয়ে উঠেছে।

গ্রেপ্তার ২ হাজার, বেশির ভাগই কিশোর

বিচারমন্ত্রী জেরাল্ড দারমানাঁ জানান, বিক্ষোভ শুরুর পর পুলিশ ২ হাজার মানুষকে গ্রেপ্তার করেছে। তাদের বেশির ভাগই কিশোর। সম্পত্তির ক্ষয়ক্ষতি করা ব্যক্তিদের অভিভাবকদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা উচিত বলেও তিনি মন্তব্য করেন।

শুক্রবার বিক্ষোভের কারণে প্রায় ৪০০টি উচ্চবিদ্যালয় বন্ধ ছিল, যা ফ্রান্সের মোট উচ্চবিদ্যালয়ের প্রায় এক-দশমাংশ।

শিক্ষামন্ত্রী এদুয়ার গেফ্রে অভিভাবকদের সন্তানদের রাস্তায় বিক্ষোভে অংশ নেওয়া থেকে বিরত রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, রাস্তায় শিশুরা বিপদের মধ্যে রয়েছে।

সপ্তাহের শুরুতে প্যারিস অঞ্চলের কয়েকজন শিক্ষার্থী জানান, সহিংসতা বেড়ে যাওয়ায় শুক্রবার তারা বিক্ষোভ থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

দারমানাঁ বলেন, শিক্ষার্থীদের এই আন্দোলনে বাইরের লোকজন ঢুকে পড়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানে নানা সংকটের অভিযোগ

উচ্চবিদ্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করা শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থী, নিয়মিত শিক্ষক সংকট এবং জরাজীর্ণ ভবন নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন। তাদের অভিযোগ, বছরের পর বছর শিক্ষাখাতে পর্যাপ্ত বিনিয়োগ করা হয়নি।

প্যারিসের পান্তাঁ এলাকায় পুলিশের কাঁদানে গ্যাস ছোড়ার আগে ১৫ বছর বয়সী কেসিয়া জানান, তাদের প্রতি শ্রেণিতে ৩৫ জন করে শিক্ষার্থী রয়েছে। শ্রেণিকক্ষে পর্যাপ্ত চেয়ার নেই এবং এক ঘণ্টার মধ্যাহ্নবিরতিতে সবাই খাবার নেওয়ার জন্য পর্যাপ্ত সময়ও পায় না।

শিক্ষাখাতে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব

বৃহস্পতিবার সরকার ২০২৭ সালের খসড়া বাজেট উপস্থাপন করেছে। এতে শিক্ষাখাতে বরাদ্দ ১ দশমিক ৭ শতাংশ বাড়িয়ে ৬৫ দশমিক ৫৩ বিলিয়ন ইউরো করার প্রস্তাব করা হয়েছে। এই বৃদ্ধির হার মূল্যস্ফীতির চেয়ে কম। শিক্ষকদের পেনশন ব্যয় এতে অন্তর্ভুক্ত নয়।

শিক্ষাখাত ফ্রান্সের সবচেয়ে বড় বাজেট খাতগুলোর একটি। তবে খসড়া বাজেট অনুযায়ী, আগামী বছর ঋণ পরিশোধের ব্যয় ৭৪ দশমিক ৫ বিলিয়ন ইউরোতে পৌঁছাতে পারে।