মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরানের ওপর চাপ বাড়াতে সামরিক উপস্থিতি জোরদার করছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে বিশাল স্ট্রাইক গ্রুপসহ মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস থিওডর রুজভেল্ট মধ্যপ্রাচ্যের উদ্দেশে যাত্রা করেছে।
যুক্তরাষ্ট্রের স্যান ডিয়েগো ঘাঁটি থেকে যাত্রা করা রণতরীটি ইরানের আশপাশে মোতায়েন করা হবে বলে জানিয়েছেন মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ এক কর্মকর্তা। এর ফলে নভেম্বরের শেষ নাগাদ ইরানের পার্শ্ববর্তী অঞ্চলে তিনটি মার্কিন বিমানবাহী রণতরী ও দুটি ল্যান্ডিং গ্রুপ মোতায়েন থাকবে।
শুক্রবার (২ অক্টোবর) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, ইউএসএস থিওডর রুজভেল্টের পাশাপাশি ম্যাকিন আইল্যান্ড মেরিন এক্সপেডিশনারি ফোর্সের সদস্যদেরও মধ্যপ্রাচ্যের উদ্দেশে পাঠানো হয়েছে। এতে স্থলবাহিনীর অংশ হিসেবে দুই হাজারের বেশি মার্কিন মেরিন সেনা রয়েছেন।
মার্কিন সামরিক বাহিনীর ওই কর্মকর্তা জানান, নভেম্বরের শেষ নাগাদ ইরানের আশপাশে যুক্তরাষ্ট্রের তিনটি বিমানবাহী রণতরী এবং দুটি ল্যান্ডিং গ্রুপ মোতায়েন থাকবে।
তিনি বলেন, ইরানের সঙ্গে বোঝাপড়া করতে মার্কিন নেতাদের হাতে অনেক বিকল্প রয়েছে।
মধ্যপ্রাচ্যের উদ্দেশে যাত্রা করা জাহাজগুলোর বহরে সাত হাজারের বেশি নাবিক এবং প্রায় দুই হাজার মেরিন সেনা রয়েছে। নতুন করে সেনা ও যুদ্ধজাহাজ মোতায়েনের ফলে মধ্যপ্রাচ্য ও আরব সাগরে মার্কিন নৌবাহিনীর বড় ধরনের সামরিক সমাবেশ তৈরি হচ্ছে। ২০০৩ সালে ইরাকে আগ্রাসনের পর যুক্তরাষ্ট্রের এ ধরনের বড় নৌ-সমাবেশ খুব কমই দেখা গেছে।
এদিকে, ওয়াশিংটনের সঙ্গে দ্রুত কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে ইরানকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
টেক্সাসে এক অনুষ্ঠানে বক্তৃতার সময় ট্রাম্প বলেন, ইরানকে যথাযথ ও বুদ্ধিদীপ্ত পদক্ষেপ নিতে হবে, নইলে তারা বেশিদিন টিকবে না।
ইরান চুক্তির প্রতি সম্মান দেখাচ্ছে না বলেও অভিযোগ করেন ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্র কারও সঙ্গে চুক্তিতে গেলে তা সম্মান করে। কিন্তু ইরানের সঙ্গে চুক্তি করলে তারা সেটি সম্মান করে না।
এদিকে, ইরান যুদ্ধের কারণে বিশ্বে জ্বালানি সংকট বাড়তে থাকায় ইউরোপের দেশগুলোকে তাদের জরুরি জ্বালানি মজুত থেকে ডিজেল ছাড়ার অনুরোধ জানাতে পারে ওয়াশিংটন। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইউরোপীয় দেশগুলোকে এমনটা করতে বলতে পারে।
আরও পড়ুন:







