বুধবার

৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১৫ আশ্বিন, ১৪৩৩

কানাডা থেকে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, অপেক্ষায় আরও ১৩৬৮

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:৫০

শেয়ার

কানাডা থেকে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, অপেক্ষায় আরও ১৩৬৮
ছবি সংগৃহীত

চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত কানাডা থেকে ৩৪০ জন বাংলাদেশি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ৩৬৮ জন বাংলাদেশি কানাডা ছাড়ার চূড়ান্ত প্রক্রিয়ার মধ্যে রয়েছেন।

কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সির সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।

ভারত ও মেক্সিকোর নাগরিক সবচেয়ে বেশি ফেরত

সিবিএসএর তথ্য অনুযায়ী, সোমবার (৩১ আগস্ট) পর্যন্ত কানাডা বিশ্বব্যাপী মোট ১৪ হাজার ৮৯৭ জন বিদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছে। এ তালিকায় ভারতের নাগরিক ৪ হাজার ২২৭ জন এবং মেক্সিকোর ২ হাজার ২৮২ জন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের ৬০১ জন, কলম্বিয়ার ৫৮০ জন, হাইতির ৫৩৫ জন এবং রোমানিয়ার ৪৩৩ জন নাগরিককে কানাডা থেকে ফেরত পাঠানো হয়েছে।

চলতি বছরের প্রথম ছয় মাসে ২২৭ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছিল। তখন শীর্ষ ১০ দেশের তালিকায় বাংলাদেশ সপ্তম অবস্থানে ছিল। আগস্ট শেষে ফেরত পাঠানো বাংলাদেশির সংখ্যা বেড়ে ৩৪০ জনে দাঁড়িয়েছে।

অভিবাসন আইন না মানাই প্রধান কারণ

কানাডা থেকে বিদেশি নাগরিকদের অপসারণের ক্ষেত্রে সবচেয়ে বেশি উল্লেখ করা হয়েছে অভিবাসন আইন না মানার বিষয়টি। এ কারণে আশ্রয়ের আবেদন করা সত্ত্বেও ১২ হাজার ৫ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

আশ্রয়প্রার্থী নন, এমন আরও ১ হাজার ৭৯৪ জনকেও একই কারণে অপসারণ করা হয়েছে। এ ছাড়া অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে ৮৯৭ জন এবং ভুল বা বিভ্রান্তিকর তথ্য দেওয়ার কারণে ৮৮ জনকে অপসারণ করা হয়েছে।

বহিষ্কার আদেশগুলোর মধ্যে ৮ হাজার ৫৭৭টি ছিল ডিপোর্টেশন অর্ডার, ৩ হাজার ৩০৩টি ডিপারচার অর্ডার এবং ৩ হাজার ১৭টি এক্সক্লুশন অর্ডার।

অপসারণ প্রক্রিয়ায় বাংলাদেশ অষ্টম

৩১ আগস্ট পর্যন্ত কানাডা থেকে অপসারণের প্রক্রিয়ায় ছিলেন মোট ৪৯ হাজার ৫৩৬ জন বিদেশি নাগরিক। এর মধ্যে ভারতের নাগরিক ১০ হাজার ২৯৫ জন এবং মেক্সিকোর ৬ হাজার ১০২ জন।

এই তালিকায় ১ হাজার ৩৬৮ জন বাংলাদেশি নাগরিক নিয়ে বাংলাদেশ অষ্টম অবস্থানে রয়েছে।