সোমবার

২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৩ আশ্বিন, ১৪৩৩

হরমুজ থেকে আরব সাগরে পিছু হটেছে শত্রুরা: মোজতাবা খামেনি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:৪৯

শেয়ার

হরমুজ থেকে আরব সাগরে পিছু হটেছে শত্রুরা: মোজতাবা খামেনি
ছবি সংগৃহীত

আরব সাগর থেকেও দ্রুত শত্রু বাহিনীকে হটিয়ে দেওয়া হবে বলে সতর্কবার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনি। তিনি দাবি করেছেন, ইরানের জোরালো প্রতিরোধের মুখে শত্রু বাহিনী হরমুজ প্রণালি থেকে আরব সাগরের দিকে পিছু হটতে বাধ্য হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) নিজের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বার্তায় খামেনি বলেন, ইরানের দক্ষিণ উপকূলের জলসীমা থেকে শত্রু বাহিনীকে আরব সাগরের দিকে ঠেলে দেওয়া হয়েছে। হরমুজ প্রণালি রক্ষাকারী বাহিনীর আঘাতে তারা এখন আর আরব সাগরের ওপারে এগোতে সাহস পাচ্ছে না বলেও দাবি করেন তিনি।

‘এগোলেই ক্ষতির মুখে পড়েছে’

খামেনি বলেন, যখনই শত্রুরা ঝুঁকি নিয়ে এগিয়েছে, তখনই তারা নিজেরাই ক্ষতির মুখে পড়েছে। শিগগিরই এমন দিন আসবে, যখন আরব সাগরও তাদের উপস্থিতি থেকে মুক্ত হবে।

তিনি আরও বলেন, কেউ কেউ ইরানকে বিশ্বের চতুর্থ পরাশক্তি মনে করেন। তবে ঐশ্বরিক হিসাবে ইরানই সবচেয়ে শক্তিশালী।

একই সঙ্গে দেশের জনগণের রাস্তায়-মাঠে উপস্থিত থাকার কথা উল্লেখ করে তাদের ‘দায়িত্বশীল উপস্থিতি’র প্রশংসা করেন খামেনি।

হরমুজ ঘিরে উত্তেজনা

খামেনির এই বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন হরমুজ প্রণালি ও আশপাশের সমুদ্রপথ নিয়ে উত্তেজনা চলছে। গত কয়েক মাস ধরে গুরুত্বপূর্ণ এই জলপথের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘাত চলছে, যার প্রভাব বৈশ্বিক জ্বালানি সরবরাহেও পড়ছে।