সোমবার

২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৩ আশ্বিন, ১৪৩৩

ভারতে মসজিদ ভাঙতে গিয়ে বিপত্তি, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:২৫

শেয়ার

ভারতে মসজিদ ভাঙতে গিয়ে বিপত্তি, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
ছবি সংগৃহীত

ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে শাহী মসজিদের কিছু অংশ ভাঙার পদক্ষেপকে কেন্দ্র করে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ ব্যবহার করে। সোমবার (২৮ সেপ্টেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

২০২৮ সালের সিংহস্থ মেলায় তীর্থযাত্রীদের সুবিধার্থে উজ্জয়িনী শহরের অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে ২৭২টি স্থাপনা উচ্ছেদের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর আওতায় প্রায় ১৩৯০ সালের দিকে নির্মিত ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি শাহী মসজিদের প্রার্থনাকক্ষ, একটি মিনার ও সংলগ্ন কিছু অংশ ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়।

মসজিদের অংশ ভাঙার পদক্ষেপে বাধা দিতে গেলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হলে ঘটনাস্থলে দ্রুত র‍্যাপিড অ্যাকশন ফোর্স (র‍্যাফ) মোতায়েন করা হয়।

ইন্দোরের মধ্যপ্রদেশ হাইকোর্ট জনস্বার্থ ও যানজট নিরসনের যুক্তি দেখিয়ে উজ্জয়িনী পৌর কর্পোরেশনের নোটিশের বিরুদ্ধে করা রিট খারিজ করেছিল। এ বিষয়ে সুনির্দিষ্ট শুনানির দিন ধার্য ছিল সোমবার।

মসজিদ ভাঙার প্রতিবাদ কংগ্রেস সংসদ সদস্যের

কংগ্রেস সংসদ সদস্য ইমরান প্রতাপগড়ি শাহী মসজিদ ভাঙার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, ৬০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী স্থান ভাঙার পরিবর্তে সড়কের অন্য পাশের জমি অধিগ্রহণ করা উচিত।

ইমরান প্রতাপগড়ি অভিযোগ করেন, বিষয়টি আদালতে বিচারাধীন থাকা সত্ত্বেও প্রশাসন বারবার মসজিদটি ঘিরে রেখে উসকানিমূলক বার্তা দিচ্ছে।

সিংহস্থ মেলার অবকাঠামো উন্নয়নের যুক্তি

উজ্জয়িনী পৌর কর্পোরেশনের চেয়ারপারসন কলাবতী যাদব জানান, ১২ বছর পরপর শিপ্রা নদীর তীরে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম বৃহৎ আধ্যাত্মিক সমাবেশ সিংহস্থ মেলার জন্য শহরের অবকাঠামো উন্নয়ন ও ২৯ কিলোমিটার নতুন ঘাট নির্মাণ জরুরি হয়ে পড়েছে।

তিনি বলেন, কোটি কোটি পুণ্যার্থীর যাতায়াত সহজ করতে সড়ক প্রশস্তকরণ অত্যাবশ্যক হয়ে পড়েছে।