দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ ও কেপটাউনে পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও ২৬ জন। পুলিশ জানিয়েছে, স্থানীয় দুটি বিনোদনকেন্দ্র ও পানশালায় (বার) হামলা দুটির ঘটনা ঘটে।
জোহানেসবার্গে বারে ঢুকে এলোপাতাড়ি গুলি
দক্ষিণ আফ্রিকার পুলিশ সার্ভিস (এসএপিএস) জানায়, শনিবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে জোহানেসবার্গের পশ্চিমে একটি বারে একদল অস্ত্রধারী ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। হামলাকারীদের হাতে একে-৪৭ রাইফেল ও পিস্তল ছিল।
এ ঘটনায় ঘটনাস্থলেই ১৭ জন নিহত এবং ১৫ জন আহত হন। প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, গুলি চালানোর পর হামলাকারীরা কয়েকজন ক্রেতার মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে দুটি গাড়িতে করে তারা ঘটনাস্থল ত্যাগ করে।
হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
কেপটাউনে বিনোদনকেন্দ্রে হামলা
একই রাতে কেপটাউনের ল্যান্ড এলাকার একটি বিনোদনকেন্দ্রেও বন্দুক হামলার ঘটনা ঘটে। স্থানীয় সময় রাত ১টা ৪৬ মিনিটের দিকে হওয়া এ হামলায় ১০ জন নিহত এবং ১১ জন আহত হন। নিহতদের মধ্যে পাঁচজন ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ জানিয়েছে, জোহানেসবার্গ ও কেপটাউনের হামলার মধ্যে কোনো সরাসরি যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। হামলার কারণ অনুসন্ধান এবং জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন:







