রবিবার

২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২ আশ্বিন, ১৪৩৩

যুক্তরাষ্ট্রে প্রবল ঝড়ে বন্যা, বিদ্যুৎহীন ৮৮ হাজার গ্রাহক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:৪৭

শেয়ার

যুক্তরাষ্ট্রে প্রবল ঝড়ে বন্যা, বিদ্যুৎহীন ৮৮ হাজার গ্রাহক
ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী নরইস্টার ঝড়ে বন্যা ও বিদ্যুৎবিভ্রাট দেখা দিয়েছে। শনিবার স্থানীয় সময় বিকেল পর্যন্ত ৮৮ হাজারের বেশি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎহীন ছিল। ঝড়ের কারণে প্রায় ৪২৫টি ফ্লাইট বাতিল হয়েছে। বন্যা ও উচ্চ জোয়ারের ঝুঁকিতে কয়েকটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, নরইস্টার ঝড়ের প্রভাব আরও কয়েক দিন থাকতে পারে। এ সময়ে প্রবল বাতাস, উচ্চ জোয়ার ও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দপ্তরের প্রধান পূর্বাভাসবিদ বব ওরাভেক বলেন, আগামী কয়েক দিন উত্তর-পূর্বাঞ্চলে ঝড়ের প্রভাব অব্যাহত থাকতে পারে।

নিউইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা

ঝড়ের আশঙ্কায় শুক্রবার নিউইয়র্ক ও নিউ জার্সির গভর্নররা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে এমন কয়েকটি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেন। এর মধ্যে নিউইয়র্ক শহরও রয়েছে।

কর্তৃপক্ষ বাসিন্দাদের সমুদ্রসৈকত ও বন্যার পানিতে ডুবে যাওয়া এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে। বিশেষ করে উচ্চ জোয়ারের সময় পানিতে নামার ঝুঁকি সম্পর্কে সতর্ক করা হয়েছে।

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল বলেন, এই সপ্তাহান্তে যারা পানিতে বা পানির কাছাকাছি যাবেন, তারা আক্ষরিক অর্থেই নিজেদের জীবন নিয়ে জুয়া খেলছেন।

তবে সতর্কতা উপেক্ষা করে অনেকে পানিতে নেমেছেন। নিউইয়র্কের লং আইল্যান্ডে বন্যার পানিতে ডুবে যাওয়া সড়কে কয়েকজনকে কায়াক চালাতে দেখা গেছে। নিউ হ্যাম্পশায়ারের হ্যাম্পটনেও অনেকে বড় ঢেউ উপভোগ করেছেন।

বাড়িঘরে ঢুকছে বন্যার পানি

মেরিল্যান্ডের ওশান সিটির বাসিন্দা জে বয়েড বলেন, সব খালে পানি অনেক বেড়ে গেছে। পানি মানুষের বাড়ির পেছনের আঙিনায় ঢুকে পড়ছে।

নিউ ইংল্যান্ড অঞ্চলে শরৎকালে নরইস্টার ঝড় অস্বাভাবিক নয়। তবে এবারের ঝড়টি বড় ধরনের ঝড়ের গড় সময়ের তুলনায় কিছুটা আগেই এসেছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ বব ওরাভেক।

ঝড়ের প্রভাবে শনিবার স্থানীয় সময় বিকেল পর্যন্ত ১ লাখ ১৯ হাজার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল। পরে এ সংখ্যা কমে ৮৮ হাজারের কিছু বেশিতে নেমে আসে।

ফ্লাইট বাতিল, কনসার্ট ও ক্রীড়া আয়োজন স্থগিত

ফ্লাইট চলাচলেও বিঘ্ন ঘটেছে। ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, শনিবার প্রায় ৪২৫টি ফ্লাইট বাতিল হয়েছে। দেরিতে ছেড়েছে বা পৌঁছেছে ১ হাজার ৩৩৮টি ফ্লাইট।

ঝড়ের কারণে বিভিন্ন কনসার্ট ও ক্রীড়া আয়োজনও বাতিল করা হয়েছে। এর মধ্যে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে শুক্রবার ও শনিবার সংগীতশিল্পী এড শিরানের নির্ধারিত অনুষ্ঠানও রয়েছে।