শুক্রবার

২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১০ আশ্বিন, ১৪৩৩

নিউইয়র্কে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ, শতাধিক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:৫৯

শেয়ার

নিউইয়র্কে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ, শতাধিক গ্রেপ্তার
ছবি সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর যোগ দেওয়ার প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ থেকে অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী সুসান সারান্ডন ও কমেডি তারকা হান্নাহ আইনবাইন্ডারসহ শতাধিক সংস্কৃতিকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘের সদর দপ্তরের কাছে ফার্স্ট অ্যাভিনিউতে এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখান থেকে ১০৩ জন অধিকারকর্মীকে আটক করে প্রিজন ভ্যানে তুলে নেয় মার্কিন পুলিশ।

‘জিউয়িশ ভয়েস ফর পিস’-এর আহ্বানে কর্মসূচি

ফিলিস্তিনিদের অধিকার রক্ষার সংগঠন ‘জিউয়িশ ভয়েস ফর পিস’-এর আহ্বানে এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সাংস্কৃতিক কর্মীরা ‘বোমায় নয়, মানুষের পেছনে অর্থ দিন’ এবং ‘ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করো’ লেখা টি-শার্ট ও প্ল্যাকার্ড হাতে অংশ নেন।

সুসান সারান্ডন ও হান্নাহ আইনবাইন্ডার ছাড়াও ‘সেক্স অ্যান্ড দ্য সিটি’খ্যাত অভিনেত্রী সিনথিয়া নিক্সন, নাট্যকার টনি কুশনার, কমেডিয়ান ক্যালেব হিয়ারন ও লেখক গ্লেনন ডয়েলসহ বিনোদন জগতের অনেক পরিচিত ব্যক্তি এতে অংশ নেন।

আটকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আইনবাইন্ডারের বক্তব্য

দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়া সুসান সারান্ডন এর আগেও গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে কথা বলেছেন।

আটকের পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে হান্নাহ আইনবাইন্ডার লেখেন, তাদের গ্রেপ্তারের ঘটনা যেন ফিলিস্তিন ও দক্ষিণ লেবাননের মানুষের ওপর চলা ভয়াবহ গণহত্যার দিকে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করে।

নেতানিয়াহুর উপস্থিতির প্রতিবাদ

উল্লেখ্য, গাজায় ইসরায়েলের নির্বিচার হামলাকে জাতিসংঘের স্বাধীন তদন্ত প্রতিবেদনে ‘গণহত্যা’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

এ পরিস্থিতিতে জাতিসংঘে নেতানিয়াহুর উপস্থিতির প্রতিবাদে নিউইয়র্কের রাজপথে বিক্ষোভ করেন সাধারণ মানুষ ও বিনোদন জগতের পরিচিত ব্যক্তিরা।