আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) পুরো সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন। বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
যুক্তরাষ্ট্র চায়, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ দেশটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা আইসিসি প্রত্যাহার করে নিক। এর আগে আদালটির কয়েকজন বিচারক ও কৌঁসুলির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন।
পুরো সংস্থা এবং এর সঙ্গে সহযোগিতাকারী পক্ষগুলোর ওপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা কার্যকর হলে আইসিসির কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। আদালটির রেজিস্ট্রার ও প্রেসিডেন্টের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, এমন নিষেধাজ্ঞার কারণে তথ্যপ্রযুক্তি সেবা ও বীমা কেনা, তদন্ত কর্মকর্তা নিয়োগ এবং কয়েক ডজন মার্কিন কর্মচারীর বেতন পরিশোধসহ দৈনন্দিন আর্থিক লেনদেন বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে।
চলতি সপ্তাহেই চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা
ওয়াল স্ট্রিট জার্নাল প্রথম এই পদক্ষেপের তথ্য প্রকাশ করে। দুটি নথি ও মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, ছয় থেকে সাত মাসের একটি নির্দিষ্ট সময়সীমা পার হওয়ার পর আইসিসির সঙ্গে প্রায় সব ধরনের লেনদেন নিষিদ্ধ করা হবে।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে চলতি সপ্তাহের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
আরও পড়ুন:







