রবিবার

২০ সেপ্টেম্বর, ২০২৬ ৫ আশ্বিন, ১৪৩৩

লাহোরে ইমরান খানের বোন আলিমা খান গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:০৯

শেয়ার

লাহোরে ইমরান খানের বোন আলিমা খান গ্রেপ্তার
ছবি সংগৃহীত

পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানকে লাহোরের নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটির বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) পাঞ্জাব শাখার এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

রবিবার (২০ সেপ্টেম্বর) লাহোরের জেলা প্রশাসন এক বিজ্ঞপ্তিতে জানায়, আলিমা খানকে গ্রেপ্তারের পর ৩০ দিনের জন্য কারাগারে পাঠানো হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রশাসন জানিয়েছে, জনসমাগমস্থলে তার উপস্থিতি জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে।

ইমরান খানের মুক্তির দাবিতে আগামী ২৭ সেপ্টেম্বর রাজধানী ইসলামাবাদ অভিমুখে বড় ধরনের বিক্ষোভ মিছিল বা জাস্টিস মার্চ কর্মসূচি ঘোষণা করেছে পিটিআই। দলটির নেতারা জানিয়েছেন, এ কর্মসূচিতে অংশ নিতে দেশজুড়ে সমর্থকদের প্রস্তুতি চলছে।

এর আগে শনিবার (১৯ সেপ্টেম্বর) পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি জানিয়েছিলেন, বিক্ষোভ মিছিল ঠেকাতে সরকারের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

আলিমা খানের গ্রেপ্তারের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী জুলফি বুখারি। তিনি গ্রেপ্তারের ঘটনাকে চরম নিন্দনীয় বলে অভিহিত করেছেন। তার মতে, ২৭ সেপ্টেম্বরের কর্মসূচিকে সরকার কতটা ভয় পাচ্ছে, আলিমা খানের গ্রেপ্তারের মধ্য দিয়ে সেটিই স্পষ্ট হয়েছে।