সৌদি আরব ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যে চলমান সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কার মধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র।
স্থানীয় সময় শনিবার রাতে মার্কিন পররাষ্ট্র দপ্তর এ সতর্কতা জারি করে। এর আওতায় রয়েছে ইসরাইল, লেবানন, জর্ডান, ইরাক, সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও ওমান।
পররাষ্ট্র দপ্তরের বিজ্ঞপ্তিতে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে উড়োজাহাজ চলাচল বাতিল, আকাশসীমা বন্ধ এবং ভ্রমণে আকস্মিক বিঘ্ন ঘটতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
মধ্যপ্রাচ্যে ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ইরান-সমর্থিত হুথিরা সৌদি আরবের বেসামরিক বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়ে আসছে। এ সামরিক সংঘাত যেকোনো সময় দ্রুত মারাত্মক রূপ নিতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইরান ও তাদের সমমনা গোষ্ঠীগুলো বিশ্বের যেকোনো স্থানে মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠান বা সংস্থা, যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা কিংবা মার্কিন নাগরিকদের লক্ষ্যবস্তু করতে পারে।
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনীর ওপর হুথিদের হামলা প্রতিহত করতে সৌদি আরব মিত্র দেশগুলোর সহায়তা চেয়েছে বলে খবর পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে ইয়েমেনে হুথিদের অবস্থান কিংবা ইরানের ওপর যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালাতে পারে—এমন গুঞ্জনের মধ্যেই মার্কিন এই সতর্কতা জারি করা হলো।
এদিকে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের সাংবাদিক বারাক রাভিদ জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যাম্প ডেভিডে অবস্থানের ছুটি সংক্ষিপ্ত করেছেন। নির্ধারিত সময়ের এক দিন আগেই তিনি হোয়াইট হাউসে ফিরেছেন।
সূত্র: টাইমস অব ইসরাইল ও ইউরোনিউজ
আরও পড়ুন:







