ভারতের অন্ধ্রপ্রদেশের পালনাডু জেলার নারসারাওপেটের একটি বেসরকারি হাসপাতালে এক নারীর পাকস্থলী থেকে ১৪টি কলম, পাঁচটি কাঠের চামচ ও একটি মোমবাতিসহ মোট ২০টি অস্বাভাবিক বস্তু অপসারণ করেছেন চিকিৎসকেরা। এ ঘটনায় চিকিৎসকেরাও বিস্মিত হয়েছেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) পেটলুরিভারিপালেম গ্রামের ওই নারী তীব্র বুকব্যথা ও অস্বস্তির অভিযোগ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে মাতশ্রী প্রাইভেট হাসপাতালে যান।
হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁর বিভিন্ন ডায়াগনস্টিক পরীক্ষা করেন। এতে পাকস্থলীর ভেতরে অস্বাভাবিক বস্তুগুলোর উপস্থিতি ধরা পড়ে।
ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে অপসারণ
এরপর ডা. পি. রামচন্দ্র রেড্ডির নেতৃত্বে একটি সার্জিক্যাল দল ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে বস্তুগুলো অপসারণ করে। প্রায় এক ঘণ্টা ধরে চলা এ প্রক্রিয়ায় সতর্কতার সঙ্গে পাকস্থলী থেকে সবগুলো বস্তু বের করে আনা হয়।
উদ্ধার করা কলমগুলোর মধ্যে সবচেয়ে লম্বাটির দৈর্ঘ্য প্রায় ২৫ সেন্টিমিটার। এ ছাড়া একটি কলমের ক্যাপ খোলা অবস্থায় পাওয়া যায়, যা অভ্যন্তরীণ আঘাতের সম্ভাবনার ইঙ্গিত দেয়।
কীভাবে এতগুলো বস্তু গিললেন, স্পষ্ট নয়
ডা. রামচন্দ্র রেড্ডি জানিয়েছেন, ওই নারী কীভাবে এত বিপুলসংখ্যক বস্তু গিলে ফেলেছেন, তা এখনো স্পষ্ট নয়।
চিকিৎসকেরা জানিয়েছেন, বর্তমানে ওই নারী সুস্থ হয়ে উঠছেন এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
আরও পড়ুন:







