শুক্রবার

১৮ সেপ্টেম্বর, ২০২৬ ৩ আশ্বিন, ১৪৩৩

পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বোমা হামলা, নিহত ১৬

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:০৯

শেয়ার

পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বোমা হামলা, নিহত ১৬
ছবি সংগৃহীত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাট জেলার একটি মসজিদে জুমার নামাজের সময় বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন বেসামরিক নাগরিক ও পাঁচজন পুলিশ সদস্য রয়েছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) কোহাটের পুরোনো পুলিশ লাইন্স কমপ্লেক্সের মসজিদের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশের তথ্য অনুযায়ী, বিস্ফোরকভর্তি একটি গাড়ি কমপ্লেক্সের ফটকে ধাক্কা দেওয়ার পর বিস্ফোরণ ঘটে। পরে পুলিশ ও হামলাকারীদের মধ্যে গোলাগুলি শুরু হয়।

হামলার পর গোলাগুলি

বিস্ফোরণের পর পুলিশ ও সন্ত্রাসবিরোধী বিভাগের সদস্যদের সঙ্গে হামলাকারীদের বন্দুকযুদ্ধ শুরু হয়। পুলিশের তথ্যমতে, এ ঘটনায় একজন হামলাকারী নিহত হয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ও গোলাগুলি চলছিল।

কোহাটের স্থানীয় হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে এবং আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বিভিন্ন প্রতিবেদনে ৫০ জনের বেশি আহত হওয়ার কথা জানানো হয়েছে।

তাৎক্ষণিকভাবে কোনো সশস্ত্র গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখাওয়া প্রদেশে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সক্রিয়তা রয়েছে।