সুইজারল্যান্ডের আল্পাইন অঞ্চল ভ্যালেস ক্যান্টনে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দেশটির স্থানীয় সম্প্রচারমাধ্যম সুইসইনফোর বরাতে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।
উড্ডয়নের পর পাহাড়ের ঢালে বিধ্বস্ত
ভ্যালেস ক্যান্টন পুলিশ এক বিবৃতিতে জানায়, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে এক ইঞ্জিনের সার্কাস এসআর২২টি মডেলের একটি হালকা বিমান টিচিনো ক্যান্টনের লুগানো শহর থেকে উড্ডয়ন করে। পরে বিমানটি ভ্যালেস ক্যান্টনের লেউকারবাড পৌরসভার কাছে একটি দুর্গম পাহাড়ের ঢালে সজোরে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা তিন আরোহীর সবাই ঘটনাস্থলে মারা যান।
পুলিশ জানায়, নিহতদের পরিচয় শনাক্তের জটিলতার কারণে আনুষ্ঠানিক ঘোষণা দিতে কিছুটা সময় লেগেছে। তবে নিহতদের পরিচয় নিশ্চিত করতে আইনি ও প্রয়োজনীয় প্রক্রিয়া এখনো অব্যাহত রয়েছে।
উদ্ধারকারীরা গিয়ে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন
দুর্ঘটনার খবর পাওয়ার পর তিনটি উদ্ধারকারী হেলিকপ্টার ও দুজন বিশেষজ্ঞ উদ্ধারকর্মী দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়। সেখানে পৌঁছে তারা বিমানে থাকা তিন আরোহীরই প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেন।
বিমানটি কী কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের ঢালে আছড়ে পড়ে, তা উদঘাটনে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন:







