বৃহস্পতিবার

১৭ সেপ্টেম্বর, ২০২৬ ২ আশ্বিন, ১৪৩৩

অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের পরিবার আনার সুযোগ বন্ধ হচ্ছে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:৪১

শেয়ার

অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের পরিবার আনার সুযোগ বন্ধ হচ্ছে
ছবি সংগৃহীত

অভিবাসন কমাতে বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধরনের বিধিনিষেধ আনার পরিকল্পনা করছে অস্ট্রেলিয়া। নতুন নিয়ম কার্যকর হলে পড়াশোনার সময় শিক্ষার্থীরা তাদের সঙ্গী ও সন্তানকে সঙ্গে নিয়ে দেশটিতে থাকার সুযোগ হারাতে পারেন। একই সঙ্গে অস্থায়ী অভিবাসীদের ভিসা পরিবর্তনের নিয়মও আরও কঠোর করার পরিকল্পনা করেছে সরকার।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। দেশটির অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্কের বক্তব্য দেওয়ার কয়েক ঘণ্টা আগে এসব তথ্য প্রকাশ করা হয়।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালের মধ্যে অস্ট্রেলিয়ায় নিট বিদেশি অভিবাসন কমিয়ে ২ লাখ ২৫ হাজারে নামিয়ে আনা হবে। বর্তমানে এই সংখ্যা প্রায় ৩ লাখ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ন্যাশনাল প্রেস ক্লাবে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক এ বিষয়ে বিস্তারিত ঘোষণা দেবেন বলে জানানো হয়েছে।

আন্তর্জাতিক শিক্ষার্থীদের পরিবারের ওপর নতুন বিধিনিষেধ

বর্তমানে অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্বামী, স্ত্রী বা সঙ্গীরা তাদের সঙ্গে থাকতে পারেন এবং কাজও করতে পারেন। তবে শিক্ষার্থীর পড়াশোনার কোর্সের ধরন অনুযায়ী তাদের কাজের অনুমোদিত সময় ভিন্ন হয়ে থাকে।

এ ছাড়া ১৮ বছরের কম বয়সী নির্ভরশীল সন্তানদেরও অস্ট্রেলিয়ায় নেওয়ার সুযোগ রয়েছে। নতুন উদ্যোগ কার্যকর হলে এই সুযোগে পরিবর্তন আসতে পারে।

অভিবাসন কমানোর লক্ষ্য

সরকারের নতুন উদ্যোগ এমন সময়ে আসছে, যখন কট্টর ডানপন্থী ওয়ান নেশন পার্টি সাম্প্রতিক জনমত জরিপে সমর্থন বাড়াচ্ছে। দলটি চলতি সপ্তাহে জানিয়েছে, তিন বছরে অস্থায়ী অভিবাসীর সংখ্যা ৭ লাখ ৫০ হাজার কমিয়ে অস্ট্রেলীয়দের জন্য স্বস্তির জায়গা তৈরি করতে চায়।

অস্ট্রেলিয়া ফার্স্ট নীতির কথা বলা ওয়ান নেশন প্রাথমিক তিন বছর পর নিট বিদেশি অভিবাসন বছরে ১ লাখ ৩০ হাজারে সীমিত রাখার লক্ষ্য নির্ধারণের কথা জানিয়েছে। দলটির প্রস্তাবিত কর্মসূচি প্রতিবছর পর্যালোচনা করা হবে বলেও জানানো হয়েছে। দলটির কিছু নীতির সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির তুলনা করা হয়েছে।

বিদেশি শিক্ষার্থীদের বড় ভূমিকা

অস্ট্রেলিয়ায় অভিবাসন বৃদ্ধির পেছনে আন্তর্জাতিক শিক্ষার্থী, ব্যাকপ্যাকার এবং অস্থায়ী দক্ষ কর্মীদের বড় ভূমিকা রয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রায় দুই বছর পর কোভিড-১৯ সংক্রান্ত সীমান্ত বিধিনিষেধ তুলে দিয়ে দেশটি পুনরায় সীমান্ত খুলে দেওয়ার পর অভিবাসনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

তবে গত দুই বছর ধরে এই সংখ্যা কমার প্রবণতা দেখা যাচ্ছে। একই সময়ে সমালোচকেরা দাবি করে আসছেন, অভিবাসীদের বড় প্রবাহ দেশটির আবাসন ও অবকাঠামোর ওপর চাপ বাড়িয়েছে এবং সামাজিক সংহতিতেও চাপ তৈরি করেছে।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৩০ জুন শেষ হওয়া বছরে অস্ট্রেলিয়ার নিট বিদেশি অভিবাসন ছিল ৩ লাখ ৬ হাজার। এর অর্ধেকেরও বেশি ছিলেন বিদেশি শিক্ষার্থী। ২০২৪ সালে এই সংখ্যা ছিল ৪ লাখ ২৯ হাজার। এর আগের বছর, অর্থাৎ ২০২৩ সালে, নিট অভিবাসন সর্বোচ্চ ৫ লাখ ১৮ হাজারে পৌঁছেছিল।

সূত্র: রয়টার্স