সোমবার

২১ সেপ্টেম্বর, ২০২৬ ৬ আশ্বিন, ১৪৩৩

হঠাৎ উত্তাল ভারতের মণিপুর, দুই দিনে ৬ মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:১৩

আপডেট: ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:২১

শেয়ার

হঠাৎ উত্তাল ভারতের মণিপুর, দুই দিনে ৬ মৃত্যু
ছবি সংগৃহীত

ভারতের মণিপুর রাজ্যের তামেংলং জেলায় সন্দেহভাজন নাগা বিদ্রোহীদের গুলিতে দুই নারী নিহত ও একাধিক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) টাইমস নাউ-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গত দুই দিনে তামেংলং ও নোনি জেলায় সংঘাতের ঘটনায় মোট ছয়জন নিহত হয়েছেন।

তামেংলংয়ে সর্বশেষ হামলায় নিহত দুই নারী হলেন ৬০ বছর বয়সী চঙ্গা সিথলো ও ৩০ বছর বয়সী কিমবোই সিংন। পরে খেত থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

১৩ সেপ্টেম্বরও প্রাণহানি

এর আগে ১৩ সেপ্টেম্বর তামেংলংয়ের টোলেন কুকি গ্রামে এক দম্পতি নিহত এবং তাদের শিশু সন্তান আহত হয়। একই দিনে নোনি জেলার লংপি গ্রামে সশস্ত্র দুর্বৃত্তদের গুলিতে এক নারী ও এক পুরুষ নিহত হন।

মরদেহ গ্রহণ না করার ঘোষণা

চুড়াচাঁদপুরভিত্তিক কুকি সংগঠন কুকি ইনপি মণিপুর নিহত দুই নারীর মরদেহ গ্রহণ না করার ঘোষণা দিয়েছে। সংগঠনটি জানিয়েছে, নিহতদের ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত মরদেহ গ্রহণ করা হবে না।

এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, সুবিচার অর্জিত না হওয়া পর্যন্ত স্বজন হারানো পরিবারের জন্য কষ্টকর হলেও মরদেহ গ্রহণ করা হবে না। নিরপরাধ কুকি-জো বেসামরিক নাগরিকদের ওপর অব্যাহত হামলায় কেন্দ্রীয় ও রাজ্য সরকারের নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছে সংগঠনটি।

তাদের দাবি, কর্তৃপক্ষ সুরক্ষা দিতে ব্যর্থ হওয়ায় পরিস্থিতি মারাত্মক ঝুঁকিপূর্ণ মোড়ের দিকে যাচ্ছে।

২০২৩ সালের মে মাস থেকে মণিপুরের উপত্যকার মেইতেই ও পাহাড়ের কুকি সম্প্রদায়ের মধ্যে শুরু হওয়া জাতিগত সহিংসতায় এ পর্যন্ত অন্তত ৩০৬ জন নিহত, ৪৯ জন নিখোঁজ এবং হাজার হাজার মানুষ গৃহহীন হয়েছেন।