বৃহস্পতিবার

১৭ সেপ্টেম্বর, ২০২৬ ২ আশ্বিন, ১৪৩৩

ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজে আন্তর্জাতিক জলসীমায় সংঘর্ষ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:১১

শেয়ার

ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজে আন্তর্জাতিক জলসীমায় সংঘর্ষ
ছবি সংগৃহীত

আন্তর্জাতিক জলসীমায় পাকিস্তানি নৌবাহিনীর একটি জাহাজের সঙ্গে ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাকিস্তানের হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে সংঘর্ষটি ঠিক কখন ঘটেছে, তা স্পষ্ট নয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সমুদ্রে পাকিস্তানি নৌবাহিনীর ইউনিটগুলোর অগ্রহণযোগ্য ও অপেশাদার আচরণের কারণে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

চুক্তি লঙ্ঘনের অভিযোগ ভারতের

১৯৯১ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তির ১০ নম্বর ধারায় সামরিক মহড়া, কৌশলগত অনুশীলন ও সেনা চলাচলের বিষয়ে আগাম নোটিশ দেওয়ার বিধান রয়েছে। ভারত অভিযোগ করেছে, পাকিস্তান এই চুক্তি লঙ্ঘন করেছে।

পাকিস্তানের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ভারতের প্রতিবাদের বিষয়টি জানাতে বলা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সব সামরিক ইউনিটকে যথাযথ সতর্কতা অবলম্বন এবং দুই দেশের মধ্যে বিদ্যমান সংশ্লিষ্ট চুক্তির বিধান মেনে চলার প্রয়োজনীয়তার কথা জানানো হয়েছে।

পাকিস্তানি কূটনীতিককে ভারতের দেওয়া এই বার্তা দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছেও পৌঁছে দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে ইসলামাবাদে নিযুক্ত ভারতের চার্জ দ্য অ্যাফেয়ার্সকেও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একই ধরনের প্রতিবাদ জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।