যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দুটি বাণিজ্যিক ভবনের মাঝখানে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার কিছু আগে চ্যাটসওয়ার্থ এলাকার লারলাইন অ্যাভিনিউ ও নর্ডহফ স্ট্রিটের কাছে দুর্ঘটনাটি ঘটে।
লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের (এলএএফডি) এক মুখপাত্র জানান, দুটি বাণিজ্যিক ভবনের মাঝখানে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে একজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁর শারীরিক অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনাস্থলে আগুন
ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দুটি পণ্যবাহী কনটেইনার ও কয়েকটি গাড়িতে আগুন জ্বলতে দেখা যায়। পরে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট (এলএপিডি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে কতজন ছিলেন এবং এটি কার মালিকানাধীন ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
হেলিকপ্টারের বাইরে থাকা ব্যক্তিও নিহত
এলএএফডির ক্যাপ্টেন ব্র্যান্ডেন সিলভারম্যান জানিয়েছেন, হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার সময় একজন ব্যক্তি সেটির বাইরে ছিলেন। ঘটনাস্থলেই ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়।
সংবাদমাধ্যমের হেলিকপ্টার ছিল কি না, নিশ্চিত নয়
স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার আগে চ্যাটসওয়ার্থ এলাকায় একটি প্রাণঘাতী বাস দুর্ঘটনা ঘটে। সেই দুর্ঘটনার খবর সংগ্রহ করতে এলাকায় বেশ কয়েকটি সংবাদমাধ্যমের হেলিকপ্টার অবস্থান করছিল। বিধ্বস্ত হেলিকপ্টারটি সেগুলোর একটি কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন:







