মঙ্গলবার

১৫ সেপ্টেম্বর, ২০২৬ ৩১ ভাদ্র, ১৪৩৩

লিথুয়ানিয়ার আকাশে ন্যাটোর যুদ্ধবিমানে ড্রোন ভূপাতিত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০৪

শেয়ার

লিথুয়ানিয়ার আকাশে ন্যাটোর যুদ্ধবিমানে ড্রোন ভূপাতিত
ছবি সংগৃহীত

লিথুয়ানিয়ার আকাশসীমায় প্রবেশ করা একটি ড্রোন ন্যাটোর যুদ্ধবিমান দিয়ে ভূপাতিত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট গিটানাস নৌসেদা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে।

মধ্যরাতের পর প্রতিবেশী বেলারুশ থেকে ড্রোনটি দক্ষিণ লিথুয়ানিয়ায় প্রবেশ করে। তবে ড্রোনটির মূল উৎস এখনো শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন লিথুয়ানিয়ার ন্যাশনাল ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টারের মুখপাত্র।

ঘটনার পর মঙ্গলবার রাজধানী ভিলনিয়াস ও পার্শ্ববর্তী অঞ্চলজুড়ে বিমান হামলার মতো ড্রোন সতর্কতা জারি করা হয়।

দ্রুত সাড়া দেয় লিথুয়ানিয়া ও ন্যাটো

লিথুয়ানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আকাশসীমায় অনুপ্রবেশের পর দেশটির সশস্ত্র বাহিনী এবং ন্যাটোর আকাশ প্রতিরক্ষা মিশনে নিয়োজিত ইতালীয় পাইলটরা দ্রুত সাড়া দেন।

প্রেসিডেন্ট গিটানাস নৌসেদা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, লিথুয়ানিয়ার আকাশসীমায় প্রবেশ করা ড্রোনটি ন্যাটোর যুদ্ধবিমান দিয়ে ধ্বংস করা হয়েছে।

তিনি বলেন, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বজায় রাখা এ অঞ্চলের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। লিথুয়ানিয়া তার মিত্রদের সঙ্গে যৌথভাবে নিজস্ব আকাশসীমা রক্ষা করবে বলেও জানান তিনি।

বেলারুশ সীমান্ত ঘিরে বাড়তি সতর্কতা

রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশ ও রাশিয়ার সীমান্তবর্তী দেশ হওয়ায় ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই লিথুয়ানিয়া সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এর আগে ১৩ সেপ্টেম্বর রোববার বেলারুশ থেকে একটি বস্তু লিথুয়ানিয়ার আকাশসীমায় প্রবেশ করে রাশিয়ার দিকে যাওয়ার খবর পাওয়া যায়। তবে তখন কোনো সতর্কতা জারি করা হয়নি।

চলতি বছরের মে মাসে ড্রোন সতর্কতার কারণে ভিলনিয়াসে বিমান ও ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল। এছাড়া এ বছর এস্তোনিয়া ও লাটভিয়ায় প্রবেশ করা পথভ্রষ্ট ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করতে ন্যাটোর যুদ্ধবিমান একাধিকবার আকাশে উড়েছে।