বৃহস্পতিবার

১০ সেপ্টেম্বর, ২০২৬ ২৬ ভাদ্র, ১৪৩৩

ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুন, নিহত ৫ নিখোঁজ ৮৭

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৬ ১০:১০

শেয়ার

ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুন, নিহত ৫ নিখোঁজ ৮৭
ছবি সংগৃহীত

ফিলিপাইনের পালাওয়ান প্রদেশের জনপ্রিয় পর্যটনকেন্দ্র কোরনের কাছে সমুদ্রে একটি যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এ তথ্য জানা যায়।

আগুন লাগার পর এখন পর্যন্ত ৪২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। তবে ৮৭ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

স্থানীয় সময় গতকাল সন্ধ্যায় উপকূল থেকে প্রায় ২ দশমিক ২ কিলোমিটার (১ দশমিক ৩ মাইল) দূরে এম/ভি জুন অ্যাস্টার ফেরিটিতে আগুন লাগে। আগুনের পর ফেরিটির পুড়ে যাওয়ার দৃশ্য ধারণ করা ভিডিও প্রকাশ করেছে ফিলিপাইন কোস্ট গার্ড।

স্থানীয় সময় ভোর পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এমভি জুন অ্যাস্টার নামের ফেরিটিতে মোট ১৩৪ জন ছিলেন। তাদের মধ্যে ১১৭ জন যাত্রী এবং ১৭ জন ক্রু সদস্য। ফেরিটি ফিলিপাইনের রাজধানী ম্যানিলার বন্দর থেকে ছেড়ে জনপ্রিয় পর্যটন এলাকা কোরনের দিকে যাচ্ছিল। পথে পালাওয়ান প্রদেশের কোরন এলাকার সমুদ্রসীমায় ফেরিটিতে আগুন ধরে যায়।

উদ্ধার ৪২ জন, নিখোঁজ ৮৭

আজ দেশটির কোস্টগার্ডের ক্যাপ্টেন নোয়েমি কায়াবিয়াব জানিয়েছেন, ওই জাহাজে যাত্রী ও ক্রু তালিকায় মোট ১৩৪ জনের নাম ছিল। তাদের মধ্যে পাঁচজনের দেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ফেরিতে থাকা ৪২ জনকেও উদ্ধার করা হয়েছে। তবে ৮৭ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

নিখোঁজদের খোঁজে উদ্ধারকাজ চলছে বলেও উল্লেখ করেন তিনি।

নোয়েমি কায়াবিয়াব জানিয়েছেন, উদ্ধার হওয়া ৪২ জনের মধ্যে চারজন ক্রু এবং ৩৮ জন যাত্রী। তবে তারা এখন কেউই কথা বলার অবস্থায় নেই। সেই কারণে আগুন লাগার কারণ এবং যাত্রীরা সবাই কোথায় ছিলেন, তা জানতে সমস্যায় পড়তে হচ্ছে তাদের।

জুন অ্যাস্টার নামে ফেরিটি ম্যানিলা থেকে যাত্রা শুরু করেছিল বলেও জানা গেছে।