ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন দেশটির সাবেক পররাষ্ট্রসচিব ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা।
বুধবার (৯ সেপ্টেম্বর) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বারাসাতে অবস্থিত অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
বিশ্ববিদ্যালয়টিতে ইন্ডিয়া অ্যান্ড ব্রিকস: দ্য ওয়ে অ্যাহেড শীর্ষক আলোচনা সভায় অংশ নেন হর্ষবর্ধন শ্রিংলা। সেখানে শেখ হাসিনার রাজনৈতিক অবস্থান ও বিভিন্ন বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনা যা বলছেন, তা সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। ভারত সরকারের অবস্থান তুলে ধরে তিনি স্পষ্ট করেন, শেখ হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকার বা নয়াদিল্লির কোনো প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা নেই।
বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে গুরুত্ব
বাংলাদেশ ও ভারতের মধ্যকার ঐতিহাসিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরে সাবেক এই জ্যেষ্ঠ কূটনীতিক বলেন, দুই দেশের সম্পর্কের ভিত দীর্ঘদিনের। বাংলাদেশের সাধারণ মানুষের সার্বিক কল্যাণ ও অগ্রগতির স্বার্থেই ভারতের সঙ্গে ইতিবাচক ও সুদৃঢ় সম্পর্ক বজায় রাখা প্রয়োজন।
তিনি পুনর্ব্যক্ত করেন, ভারত সর্বদা তার সব প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গেই সুসম্পর্ক বজায় রাখার নীতিতে বিশ্বাসী। দুই দেশের জনগণের স্বার্থেই এই অংশীদারি আরও জোরদার হওয়া উচিত বলেও উল্লেখ করেন তিনি।
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে হর্ষবর্ধন শ্রিংলা আরও বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত যেকোনো সরকারের সঙ্গে কাজ করা স্বাভাবিক কূটনৈতিক প্রক্রিয়ার অংশ। নির্বাচিত নেতৃত্বের সঙ্গে কার্যকর কূটনৈতিক বোঝাপড়া ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখা দুই দেশের সম্পর্কের ধারাবাহিকতায় ইতিবাচক বার্তা বহন করে।
আরও পড়ুন:







