আসন্ন ধর্মীয় ছুটির মৌসুমকে কেন্দ্র করে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানসহ দক্ষিণ এশিয়ার একাধিক দেশে ভ্রমণের ক্ষেত্রে নিজেদের নাগরিকদের সতর্ক করেছে ইসরায়েল। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদ (এনএসসি) এসব দেশকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে জরুরি ভ্রমণ নির্দেশনা জারি করেছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) জারি করা ওই নির্দেশনায় ইসরায়েলি নাগরিকদের এসব দেশে ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
চলমান সংঘাতকে কেন্দ্র করে সতর্কতা
ইসরায়েলি জাতীয় নিরাপত্তা পরিষদের দাবি, ইরান, হিজবুল্লাহ ও হামাসের সঙ্গে চলমান সংঘাতকে কেন্দ্র করে বিশ্বজুড়ে ইসরায়েলি ও ইহুদি লক্ষ্যবস্তুতে হামলার উসকানিমূলক প্রচারণা বেড়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের সংঘাতের জের ধরে আল-কায়েদা ও আইএসের মতো চরমপন্থি সংগঠনগুলো ইউরোপ, আমেরিকা, আফ্রিকা ও এশিয়ায় এককভাবে লোন উলফ হামলা চালাতে প্ররোচনা দিচ্ছে।
মধ্যপ্রাচ্যের কয়েক দেশেও উচ্চ ঝুঁকি
নিরাপত্তা পর্যালোচনায় ভৌগোলিক নৈকট্যের কারণে তুরস্ক, আজারবাইজান ও সংযুক্ত আরব আমিরাতকে ইরানি তৎপরতার উচ্চ ঝুঁকির তালিকায় রাখা হয়েছে। অন্যদিকে জর্ডান, কাতার ও মিসরকে লেভেল ৪ বা সর্বোচ্চ ঝুঁকির দেশ হিসেবে চিহ্নিত করে সেখানে যাতায়াত এড়িয়ে চলার তাগিদ দেওয়া হয়েছে।
যেসব দেশে সফর নিষিদ্ধ
আইন অনুযায়ী ইসরায়েলিদের জন্য ইরাক, ইয়েমেন, ইরান, সিরিয়া ও লেবাননে সফর পুরোপুরি নিষিদ্ধ। পাশাপাশি বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, সৌদি আরব, সোমালিয়া, লিবিয়া ও আলজেরিয়াকে উচ্চ ঝুঁকিপূর্ণ তালিকাভুক্ত করে এসব দেশে ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে এনএসসি।
বাংলাদেশের সঙ্গে ইসরায়েলের কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক নেই।
আরও পড়ুন:







