বিতর্কিত জম্মু ও কাশ্মীর অঞ্চলের মানচিত্র নিয়ে ভারতের দাবিকে প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র দপ্তর বলেছে, ভারতের একতরফা পদক্ষেপ ও অব্যাহত অবৈধ দখলদারিত্ব জম্মু ও কাশ্মীরের আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিতর্কিত মর্যাদা পরিবর্তন করতে পারে না।
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান এক বিবৃতিতে এ অবস্থান জানান। সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জম্মু-কাশ্মীর ও লাদাখ অঞ্চলকে দেশটির সরকারি মানচিত্র অনুযায়ী প্রদর্শনের আহ্বান জানায়।
জাতিসংঘের মানচিত্রই গ্রহণযোগ্য: পাকিস্তান
পাকিস্তান বলেছে, জাতিসংঘের মানচিত্রে জম্মু ও কাশ্মীরকে যেভাবে বিতর্কিত অঞ্চল হিসেবে দেখানো হয়েছে, সেটিই এর বর্তমান আইনি মর্যাদার একমাত্র গ্রহণযোগ্য রূপ। ভারতের তথাকথিত সরকারি মানচিত্র ও একতরফা সার্বভৌমত্বের দাবির কোনো প্রভাব এই বিতর্কিত ভূখণ্ডের ওপর পড়বে না।
গণভোটের মাধ্যমে নিষ্পত্তির দাবি
সাজ্জাদ হায়দার খান জানান, জম্মু ও কাশ্মীর ইস্যুটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আলোচ্যসূচিতে থাকা সবচেয়ে পুরোনো ও অমীমাংসিত বিরোধগুলোর একটি।
জাতিসংঘের প্রস্তাবনা অনুযায়ী, কাশ্মীরি জনগণের স্বাধীন ও নিরপেক্ষ গণভোটের মাধ্যমেই এই বিরোধের চূড়ান্ত নিষ্পত্তি হতে হবে বলে জানায় পাকিস্তান।
আন্তর্জাতিক সম্প্রদায়ের পদক্ষেপ চেয়েছে পাকিস্তান
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন অবিলম্বে বন্ধ এবং কাশ্মীরি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র।
আরও পড়ুন:







