সোমবার

৭ সেপ্টেম্বর, ২০২৬ ২৩ ভাদ্র, ১৪৩৩

মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:৩৫

শেয়ার

মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫
ছবি সংগৃহীত

মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় অ্যামাজনের একটি কার্গো বিমান দুর্ঘটনার শিকার হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা সংকটাপন্ন।

রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর দুইটার কিছু আগে বোয়িং ৭৬৭-৩০০ মডেলের বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। বিমানটি পুয়ের্তো রিকোর সান হুয়ান শহরের লুইস মুনোজ মারিন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মিয়ামির উদ্দেশে যাত্রা করেছিল।

রানওয়ে ছাড়িয়ে যানবাহনে ধাক্কা

প্রত্যক্ষদর্শী ও বিমানবন্দর সূত্রে জানা গেছে, অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি রানওয়ের সীমানা ছাড়িয়ে যায়। পরে কাছাকাছি থাকা কয়েকটি যানবাহনে সজোরে আঘাত করে। এতে বিমানটিতে আগুন ধরে যায় এবং চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।

মিয়ামি-ডেড কাউন্টির মেয়র দানিয়েলা লেভিন কাভা সংবাদ সম্মেলনে পাঁচজনের প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুর্ঘটনার খবর পাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়।

মিয়ামি ফায়ার চিফ রায়েদ জাদাল্লাহ জানান, আহত পাঁচজনকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা সংকটাপন্ন।

সাময়িক বন্ধ ফ্লাইট ওঠানামা

দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরের সব ধরনের ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেয় মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।

অ্যামাজন এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে স্থানীয় প্রশাসন ও তদন্তকারী কর্মকর্তাদের সঙ্গে তারা পূর্ণ সহযোগিতা করছে।