সোমবার

৭ সেপ্টেম্বর, ২০২৬ ২৩ ভাদ্র, ১৪৩৩

লেবাননে ইসরায়েলি হামলার সতর্কতা, বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:৩৬

শেয়ার

লেবাননে ইসরায়েলি হামলার সতর্কতা, বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ
ছবি সংগৃহীত

লেবাননের দেইর আল-জাহরানি এলাকায় সম্ভাব্য বিমান হামলার আগে স্থানীয় বাসিন্দাদের জরুরি ভিত্তিতে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। সোমবার (৭ সেপ্টেম্বর) ভোরে ইসরায়েলি বাহিনীর আরবি ভাষার মুখপাত্র এলা ওয়াওয়েয়া এ সতর্কতা জানান।

৩০০ মিটার দূরে সরে যাওয়ার নির্দেশ

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র জানান, নির্দিষ্ট একটি ভবন ও এর আশপাশের বাসিন্দাদের অবিলম্বে এলাকা ছাড়তে হবে। নিরাপত্তার স্বার্থে ওই ভবন থেকে অন্তত ৩০০ মিটার দূরে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, স্থাপনাটির কাছে হিজবুল্লাহর একটি অবকাঠামো রয়েছে এবং সেটিই সম্ভাব্য হামলার লক্ষ্য। বেসামরিক হতাহতের ঝুঁকি কমাতে হামলার আগে এ ধরনের সতর্কতা দেওয়া হয় বলে দাবি করে ইসরায়েলি বাহিনী।

দক্ষিণ লেবাননে হামলায় নিহত ৭

এর আগে রবিবার দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত সাতজন নিহত এবং ২০ জনের বেশি আহত হন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স। আরব সালিমসহ কয়েকটি এলাকায় এসব হতাহতের ঘটনা ঘটে।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, হিজবুল্লাহর ড্রোন হামলার জবাবে এসব অভিযান চালানো হয়েছে। তবে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন হামলাগুলোকে বিপজ্জনক উত্তেজনা হিসেবে উল্লেখ করেছেন। তিনি বেসামরিক স্থাপনা ও স্বাস্থ্যকেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগও তুলেছেন।

সমঝোতা নিয়ে নতুন করে উদ্বেগ

এদিকে জুনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি কাঠামোগত সমঝোতা হয়েছিল। এর আওতায় ধাপে ধাপে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং ওই এলাকায় লেবাননের সেনাবাহিনী মোতায়েনের কথা রয়েছে।

তবে সাম্প্রতিক হামলা ও পাল্টাপাল্টি সামরিক তৎপরতায় ওই সমঝোতার ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান অব্যাহত থাকায় অঞ্চলটিতে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে।

সূত্র: আনাদোলু এজেন্সি