যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধজাহাজ লক্ষ্য করে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ক্ষেপণাস্ত্র দুটি কোনো মার্কিন যুদ্ধজাহাজে আঘাত করেনি এবং এতে কোনো মার্কিন সেনা আহত হননি।
হামলা নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের ভিন্ন দাবি
আইআরজিসি জানিয়েছে, তাদের অ্যারোস্পেস ফোর্স যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরী ও একটি নৌবাহিনীর যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে। ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনার প্রকাশিত বিবৃতিতে বলা হয়, যুদ্ধজাহাজ দুটি ইরানি জাহাজকে হয়রানি এবং সমুদ্রপথে অবরোধে অংশ নিচ্ছিল।
আইআরজিসির দাবি, ক্ষেপণাস্ত্র হামলায় যুদ্ধজাহাজ দুটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর সংঘর্ষের এলাকা ছেড়ে যায়। হামলার বিষয়টি সেন্টকম স্বীকার করেছে বলেও দাবি করেছে ইরানের এই বাহিনী।
অন্যদিকে সেন্টকম জানিয়েছে, আঞ্চলিক জলসীমায় টহলরত যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ লক্ষ্য করে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। তবে জাহাজ দুটি হামলা এড়িয়ে যেতে সক্ষম হয়েছে এবং এতে কোনো মার্কিন সেনা আহত হননি।
আরও তীব্র জবাবের হুঁশিয়ারি
আইআরজিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অব্যাহত থাকলে ইরানের সশস্ত্র বাহিনী আরও তীব্র জবাব দেবে।
এর আগে শনিবার (৫ সেপ্টেম্বর) আইআরজিসির নৌবাহিনী জানিয়েছিল, ইরানি তেলবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে তারা হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী ট্যাংকার এবং অন্যত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট তিনটি জাহাজকে লক্ষ্যবস্তু করেছে।
পরে সেন্টকম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের তিনটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করার পর থেকেই দুই দেশের মধ্যে সংঘাত চলছে।
আরও পড়ুন:







