নানান অভিযোগে ইসরায়েলে বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার উত্তর ইসরায়েল জুড়ে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ইসরায়েলি গণমাধ্যমের বরাতে আনাদুলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
ইসরায়েলের মারিভ গণমাধ্যম জানায়, নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে নানান অভিযোগের নিন্দা জানাতে বিক্ষোভকারীরা বেশ কয়েকটি স্থানে জড়ো হন। ইসরায়েলের চ্যানেল ১২ নাহারিয়া, রোশ পিনা, কারমিয়েল, হাদেরা ও হাইফাসহ বেশ কয়েকটি এলাকায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
এদিকে, নেতানিয়াহুর সরকার ২০২৩ সালের শুরুতে বিচার বিভাগীয় সংস্কার শুরু করে, যার লক্ষ্য ছিল সুপ্রিম কোর্টের ক্ষমতা খর্ব করা এবং বিচারক নিয়োগে রাজনৈতিক প্রভাব বৃদ্ধি করা।
অন্যদিকে, আন্তর্জাতিক অপরাধ আদালত গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০২৪ সালের নভেম্বরে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। দুর্নীতির অভিযোগে নেতানিয়াহুর বিচারও চলছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের গণহত্যা যুদ্ধে অন্তত ৭৩ হাজার ৬৫১ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৪ হাজার ৫৭৫ জন আহত হয়েছেন।
আরও পড়ুন:







