যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে ইরান। দেশটির সামরিক সক্ষমতা নিয়ে আত্মবিশ্বাস বাড়ায় তেহরান সংঘাত আরও দীর্ঘ করার পথে এগোতে পারে বলে মনে করছে মার্কিন গোয়েন্দারা। শনিবার (৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস।
সংঘাত আরও বাড়ানোর আশঙ্কা
প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা চালানোর সক্ষমতা নিয়ে আগের চেয়ে বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছে ইরান। যুক্তরাষ্ট্রকে দীর্ঘ সময় যুদ্ধে জড়িয়ে বিব্রতকর পরিস্থিতিতে ফেলাই তেহরানের অন্যতম লক্ষ্য হতে পারে।
সম্প্রতি দুই দেশের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা সীমিত পর্যায়ে থাকলেও ইরান চাইলে উত্তেজনা আরও বাড়াতে পারে বলে মনে করছে মার্কিন গোয়েন্দারা।
নিউইয়র্ক টাইমসকে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে ইরান নিজেদের সামরিক সক্ষমতা সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পেয়েছে। একই সঙ্গে দীর্ঘমেয়াদি যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা রয়েছে বলেও দেশটির মধ্যে বিশ্বাস তৈরি হয়েছে।
মার্কিন গোয়েন্দাদের মতে, এই মুহূর্তে ইরানের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছানো আগের চেয়ে অনেক কঠিন হয়ে পড়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক অবস্থান দুর্বল করে দেওয়ার লক্ষ্যও ইরানের থাকতে পারে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার জবাবে তেহরান উত্তেজনা আরও বাড়াতে পারে। এর অংশ হিসেবে গত জুলাইয়ের মতো মার্কিন ঘাঁটিতে হামলা এবং প্রতিবেশী দেশগুলোর বিভিন্ন অবকাঠামো লক্ষ্যবস্তু করার সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে।
সাইবার হামলার আশঙ্কা
এ ছাড়া ইরানি হ্যাকাররা নিজেদের সক্ষমতা পুনর্গঠিত করে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সাইবার হামলার চেষ্টা চালাতে পারে বলে আশঙ্কা করছে মার্কিন গোয়েন্দারা। এসব হামলার লক্ষ্য হতে পারে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের মধ্যে যুদ্ধবিরোধী মনোভাব তৈরি করা।
সূত্র: নিউইয়র্ক টাইমস
আরও পড়ুন:







