ভারতের রাজধানী নয়াদিল্লিতে হঠাৎ প্রবল বর্ষণ শুরু হয়েছে। ঝোড়ো হাওয়ার পাশাপাশি চলছে বজ্রপাত। আগামী কয়েকদিনে অতি ভারী বৃষ্টির আশঙ্কায় দিল্লিজুড়ে রেড অ্যালার্ট জারি করেছে ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি)।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জন্মাষ্টমীর উৎসবে বৃষ্টির কবলে দর্শনার্থীরা
প্রতিবেদন অনুযায়ী, জন্মাষ্টমীর উৎসব উপলক্ষে বাইরে বের হওয়া দর্শনার্থীরা হঠাৎ প্রবল বৃষ্টির মুখে পড়েন। বৃষ্টির তীব্রতা বাড়তে থাকলে আশ্রয়ের জন্য সাধারণ মানুষকে ছোটাছুটি করতে দেখা যায়।
বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত রেকর্ড
আইএমডির তিন ঘণ্টার বৃষ্টিপাতের তথ্য অনুযায়ী, শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত পালাম এলাকায় প্রায় সাড়ে ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে সকাল ৮টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত নাজাফগড়ে ০ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়।
দুপুর ২টা ১৫ মিনিটে প্রকাশিত স্বল্পমেয়াদি পূর্বাভাসে আইএমডি জানায়, দুপুর ২টা ১৫ মিনিট থেকে বিকেল ৪টা ১৫ মিনিটের মধ্যে একাধিক স্থানে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দু-এক জায়গায় ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।
ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া
আইএমডির পূর্বাভাস অনুযায়ী, বিকেল ৫টা থেকে রাত ৮টার মধ্যে অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। কিছু এলাকায় দমকা হাওয়ার সঙ্গে বজ্রপাত ও বিজলি চমকানোর সম্ভাবনাও রয়েছে।
পরবর্তী তিন ঘণ্টার পূর্বাভাসে অধিকাংশ এলাকায় মাঝারি বৃষ্টির পাশাপাশি দু-এক জায়গায় ৫০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা হয়েছে। একই সময়ে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। সাময়িকভাবে এর গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।
আরও পড়ুন:







