শুক্রবার

৪ সেপ্টেম্বর, ২০২৬ ২০ ভাদ্র, ১৪৩৩

মার্কিন হামলায় ইরানে তিন পাইলটসহ নিহত ১৯ জন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:০৮

শেয়ার

মার্কিন হামলায় ইরানে তিন পাইলটসহ নিহত ১৯ জন
ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ব্যাপক বোমাবর্ষণে ইরানে তিন পাইলটসহ অন্তত ১৯ জন নিহত হয়েছেন। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) তিন পাইলটের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আইআরজিসি এ তথ্য জানায়।

নিহত তিন পাইলটের পরিচয়

নিহত পাইলটরা হলেন মোজতবা বাঘেরি, হামেদ ওকাতি ও হোসেইন মাহদাভিয়ান। তাদের মধ্যে মোজতবা বাঘেরি ও হামেদ ওকাতি নৌবাহিনীর এবং হোসেইন মাহদাভিয়ান বিমানবাহিনীর পাইলট ছিলেন।

তবে তারা কোথায় মার্কিন হামলার শিকার হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানায়নি ইরান। নিহত হওয়ার সময় তারা কোনো যুদ্ধবিমান চালাচ্ছিলেন কি না কিংবা সামরিক কোনো অভিযানে অংশ নিয়েছিলেন কি না, সেটিও স্পষ্ট করা হয়নি।

বিভিন্ন এলাকায় নিহত আরও ১৬ জন

এর আগে নৌবাহিনীর আরও ছয় সদস্যের মৃত্যুর তথ্য জানিয়েছিল ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের দাবি, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ও বুধবার (২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের হামলায় বিভিন্ন এলাকায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে সাতজন এবং কেরমানশাহ প্রদেশে আইআরজিসির চার সদস্য নিহত হয়েছেন। উপসাগরের লাভান দ্বীপে আধাসামরিক বাহিনীর তিন সদস্য এবং ফার্স প্রদেশে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এ ছাড়া হরমুজগান প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে চারজন নিহত হওয়ার জন্যও ইরানি কর্মকর্তারা মার্কিন হামলাকে দায়ী করেছেন।

তবে নৌবাহিনীর ছয় সদস্যের মৃত্যু খুজেস্তানে নিহত সাতজনের হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।

সূত্র: এএফপি