কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর ও নেপাল সীমান্তসংলগ্ন মহাসড়ক চার লেনে উন্নীত করতে ২ হাজার ৭৭ কোটি রুপি অনুমোদন করেছে ভারত সরকার। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নিতিন গডকড়ির ঘোষণার বরাতে এ তথ্য জানা গেছে।
৩১ কিলোমিটার সড়ক হবে চার লেন
দার্জিলিং জেলার ৩১ দশমিক ০২ কিলোমিটার দীর্ঘ বাগডোগরা-পানিট্যাঙ্কি-খড়িবাড়ি-গলগলিয়া সড়ক চার লেনে উন্নীত করা হবে। প্রকল্পের আওতায় তিনটি বড় সেতু, একটি ফ্লাইওভার বা রোড ওভারব্রিজ (আরওবি), পাঁচটি হাতি চলাচলের আন্ডারপাস এবং সড়কের দুই পাশে সার্ভিস রোড নির্মাণ করা হবে।
প্রকল্পটি নেপাল সীমান্তের কাছাকাছি গলগলিয়া থেকে শুরু হয়ে বাগডোগরা বিমানবন্দরের কাছে এনএইচ-২৭ মহাসড়কের সঙ্গে যুক্ত হবে।
এদিকে বাগডোগরা বিমানবন্দরে ব্যস্ত সময়ে ৩ হাজার যাত্রী সামলানোর সক্ষমতাসম্পন্ন নতুন গ্রিন টার্মিনাল ভবন নির্মাণ করা হচ্ছে। সেখানে ১০টি ন্যারো-বডি উড়োজাহাজ পার্কিংয়ের ব্যবস্থাও থাকবে।
বাংলাদেশ-নেপাল-ভুটানের যোগাযোগ বাড়বে
নিতিন গডকড়ি জানান, শিলিগুড়ি করিডোরে অবস্থানের কারণে প্রকল্পটি উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ আরও শক্তিশালী করবে। একই সঙ্গে নেপাল, ভুটান ও বাংলাদেশের সঙ্গে যাতায়াত সহজ হবে।
প্রকল্পটি বাগডোগরা, নকশালবাড়ি, খড়িবাড়ি ও পানিট্যাঙ্কি এলাকার যানজট কমাতেও ভূমিকা রাখবে। পাশাপাশি চা ও কৃষিপণ্য পরিবহনে গতি আসবে বলে জানান তিনি।
দার্জিলিংয়ের সংসদ সদস্য রাজু বিস্টা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, মহাসড়কটি এশিয়ান হাইওয়ে-২ (এএইচ২)-এর অংশ হয়ে ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি থেকে ভারত-বাংলাদেশ সীমান্তের ফুলবাড়ীকে যুক্তকারী ৩৮ কিলোমিটার আন্তর্জাতিক অর্থনৈতিক করিডোরকে আরও শক্তিশালী করবে।
চিকেনস নেকে আরও অবকাঠামো পরিকল্পনা
ভারতের কৌশলগত লাইফলাইন হিসেবে পরিচিত শিলিগুড়ি করিডোর বা চিকেনস নেকের নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থা জোরদারে আরও কয়েকটি বড় প্রকল্পের পরিকল্পনা রয়েছে।
এর মধ্যে ৪০ কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ রেললাইন, চার লেনের রেল ট্র্যাক এবং শিলিগুড়ি থেকে বারাণসী পর্যন্ত হাইস্পিড রেল করিডোর নির্মাণের পরিকল্পনা রয়েছে।
সূত্র: এনডিটিভি
আরও পড়ুন:







