ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে সংযোগ আরও বাড়াতে শিলিগুড়ি করিডরে চার লেনের নতুন একটি মহাসড়ক নির্মাণ করবে ভারত। এজন্য কেন্দ্রীয় সরকার দুই হাজার কোটি রুপির বেশি বরাদ্দ দিয়েছে। শিলিগুড়ি করিডর 'চিকেন্স নেক' নামেও পরিচিত, যা বাংলাদেশ সীমান্তের সঙ্গে লাগোয়া। এছাড়া ভারতের সরু এই করিডরের সঙ্গে নেপালের সীমান্তও আছে।
নতুন মহাসড়কটি দৈর্ঘ্যে ৩১ কিলোমিটার হবে এবং এটি বর্তমান মহাসড়ক-২৭-এর পাশেই নির্মাণ করা হবে।
গত বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গড়করি ফেসবুকে এক পোস্টে জানান, নতুন মহাসড়কটির জন্য মোট দুই হাজার ৭৮ কোটি রুপি বরাদ্দ দেয়া হয়েছে। এটি পানিটাঙ্কি এবং খড়িবাড়ি হয়ে বাগডোগরা থেকে বিহারের গালগালিয়াকে যুক্ত করবে।
নতুন সড়কটি জাতীয় মহাসড়ক-৩২৭ নামে পরিচিতি পাবে এবং জাতীয় মহাসড়ক-২৭ থেকে এর দূরত্ব থাকবে ২০ থেকে ৩০ কিলোমিটার।
৬০ কিলোমিটার লম্বা শিলিগুড়ি করিডর প্রস্থে মাত্র ২০ থেকে ২২ কিলোমিটার। কিন্তু ভারতের এক অংশ থেকে আরেক অংশ যুক্ত করার একমাত্র পথ এটি, যা দেশটির অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গড়করি বলেছেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশ, নেপাল এবং ভুটানের সঙ্গেও সড়ক যোগাযোগ সহজ হবে এই মহাসড়কের মাধ্যমে।
এদিকে ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর শিলিগুড়ি করিডর নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে ভারত। এরপর সেখানে সামরিক উপস্থিতি বৃদ্ধি করে নয়াদিল্লি।
আরও পড়ুন:







