পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার রিভার্স প্রদেশে তেল চুরির চেষ্টা করতে গিয়ে বিষাক্ত ধোঁয়ায় অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মধ্যরাতে ওক্রিকা এলাকার ওকারি জেটিতে এ ঘটনা ঘটে।
কর্তৃপক্ষের বরাতে বার্তাসংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, ওক্রিকা ও আশপাশের এলাকার ২০০ জনেরও বেশি তরুণ কাঠের নৌকায় করে জেটিতে যান। সেখানে একটি পাইপলাইনের অবৈধ ট্যাপিং পয়েন্টের মাধ্যমে পেট্রোলিয়ামজাত পণ্য চুরির চেষ্টা করা হয়।
বিষাক্ত ধোঁয়ায় অসুস্থ হয়ে নদীতে পড়ে মৃত্যু
নৌকায় পেট্রোলিয়ামজাত পণ্য তোলার সময় ঘন বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়লে অনেকে অসুস্থ হয়ে জ্ঞান হারান। কয়েকজন নদীতে পড়ে ডুবে যান। নদীতে বেশ কয়েকটি মরদেহ ভাসতে দেখা গেছে। এ ছাড়া আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
নাইজার ডেল্টাভিত্তিক পরিবেশ ও মানবাধিকার সংগঠন ইয়ুথস অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাডভোকেসি সেন্টার (ইয়েক-নাইজেরিয়া) একাধিক মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
সংগঠনটির নির্বাহী পরিচালক ফাইনফেস ডুমনামেনে ফাইনফেস বলেন, নিহতরা একটি পাইপলাইন থেকে পেট্রোলিয়ামজাত পণ্য সরানোর জন্য ট্যাপিং পয়েন্টে পাইপ সংযুক্ত করেছিলেন বলে অভিযোগ রয়েছে।
পাইপলাইনে উচ্চচাপে পণ্য সরবরাহ চলছিল
ফাইনফেস জানান, ইন্দোরামা এলেমে পেট্রোকেমিক্যালস এলাকা থেকে পোর্ট হারকোর্ট শোধনাগার করিডোর হয়ে রপ্তানির জন্য পণ্য তোলা জাহাজগুলোতে ওই পাইপলাইনের মাধ্যমে পেট্রোলিয়ামজাত পণ্য পাঠানো হচ্ছিল।
পাইপলাইনের ভেতর দিয়ে উচ্চচাপে পেট্রোলিয়ামজাত পণ্য পাঠানোর সময় তরুণেরা তা অপেক্ষমাণ নৌকায় তোলার চেষ্টা করছিলেন। এতে তারা বিষাক্ত ধোঁয়ার সংস্পর্শে আসেন।
পুলিশের মুখপাত্র ব্লেসিং আগাবে বলেন, ঘটনার ভয়াবহতা ও প্রকৃত চিত্র বের করতে তদন্ত চলছে।
তেল চুরি ঠেকাতে ধারাবাহিক অভিযান
নাইজেরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, চলতি বছরের এপ্রিলে রিভার্স, ডেল্টা ও আকওয়া ইবোম প্রদেশে অভিযান চালিয়ে ১০টি অবৈধ তেল শোধনাগার ধ্বংস করা হয়। এ সময় তেল চুরির সন্দেহে নয়জনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানগুলোতে ১ লাখ ৩০ হাজার লিটারের বেশি চোরাই অপরিশোধিত তেল এবং ২৬ হাজার লিটারের বেশি অটোমোটিভ গ্যাস অয়েল উদ্ধার করা হয়।
এর আগে গত ২৮ আগস্ট নাইজেরিয়ার নৌবাহিনী রিভার্স প্রদেশে অভিযান চালিয়ে দুটি অবৈধ তেল শোধনাগার ধ্বংস করে। ওই অভিযানে অবৈধভাবে পরিশোধিত বলে সন্দেহ করা ৩৪ হাজার লিটার অটোমোটিভ গ্যাস অয়েল উদ্ধার করা হয়েছিল।
আরও পড়ুন:







