বিশ্বজুড়ে জনপ্রিয় রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার তাদের প্রায় ১০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার এক বার্তায় এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা দারা খোসরোশাহী।
তিনি বলেন, উবারে ‘গুরুত্বপূর্ণ সাংগঠনিক পরিবর্তন’ আনা হচ্ছে। এর অংশ হিসেবে প্রতিষ্ঠানের বৈশ্বিক কর্মীসংখ্যা প্রায় ১০ শতাংশ কমানো হবে।
উবারের সাম্প্রতিক এসইসি নথি অনুযায়ী, প্রতিষ্ঠানটিতে মোট কর্মী প্রায় ৩৪ হাজার। সে হিসাবে নতুন সিদ্ধান্তের ফলে প্রায় ৩ হাজার ৪০০ কর্মী চাকরি হারাতে পারেন।
কর্মী ছাঁটাইয়ের কারণ হিসেবে উবার বলেছে, তাদের কার্যক্রমকে আরও সহজ ও দ্রুত করা প্রয়োজন।
প্রতিষ্ঠানটির কার্যক্রম ৭০টির বেশি দেশে বিস্তৃত। ফলে বিভিন্ন পর্যায়ে সমন্বয়ের কারণে সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে বলে মনে করছে কর্তৃপক্ষ।
দারা খোসরোশাহী কর্মীদের দেয়া বার্তায় বলেন, কর্মীসংখ্যা কমিয়ে আরও দক্ষ একটি প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। এর ফলে দায়িত্ব কার ওপর, তা আরও স্পষ্ট হবে। দ্রুত সিদ্ধান্ত নেয়া সম্ভব হবে। পাশাপাশি, সমন্বয়ের পেছনে কম সময় ব্যয় করে নতুন পণ্য ও সেবা তৈরিতে বেশি সময় দেয়া যাবে।
২০০৯ সালে প্রতিষ্ঠিত উবার শহরের পরিবহন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনে। প্রচলিত ট্যাক্সি ও ব্যক্তিগত গাড়ি সেবার বিকল্প হিসেবে নিজেদের গাড়ি ব্যবহার করে যাত্রী পরিবহনের সুযোগ তৈরি করে প্রতিষ্ঠানটি।
পরে উবারের ব্যবসা ব্যাপকভাবে সম্প্রসারিত হয়। রাইড শেয়ারিংয়ের পাশাপাশি খাবার ও খুচরা পণ্য সরবরাহের ব্যবসায়ও প্রবেশ করে প্রতিষ্ঠানটি। এ ছাড়া স্বল্প দূরত্বে কুরিয়ার সেবাও দিয়ে থাকে উবার।
তবে বিভিন্ন দেশে উবারের চালকদের পারিশ্রমিক নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে। অনেক চালক তাদের শ্রম ও ব্যক্তিগত গাড়ি ব্যবহারের তুলনায় যথাযথ পারিশ্রমিক পান না বলে অভিযোগ করেছেন।
উবার বলছে, সাম্প্রতিক সাংগঠনিক পরিবর্তনের লক্ষ্য হলো প্রতিষ্ঠানটির বিভিন্ন অংশ কীভাবে পরিচালিত হবে এবং সিদ্ধান্ত নেয়া হবে, সেই প্রক্রিয়াকে আরও কার্যকর করা।
সূত্র: এএফপি
আরও পড়ুন:







