বুধবার

২ সেপ্টেম্বর, ২০২৬ ১৮ ভাদ্র, ১৪৩৩

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২০৪

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৬ ২১:৫৪

শেয়ার

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২০৪
ছবি সংগৃহীত

ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালে নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ২০৪ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে বন্যাকবলিত এলাকায় উদ্ধার ও তল্লাশি অভিযান জোরদার করেছে প্রশাসন। নিহতদের মরদেহ দ্রুত সৎকারের প্রক্রিয়াও শুরু হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানী কাঠমান্ডুতে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লোক বাহাদুর ছেত্রী নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিআরআরএমএ) সর্বশেষ তথ্যের ভিত্তিতে এসব তথ্য জানান।

মুখপাত্র বলেন, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও উদ্ধারকর্মীরা দিনরাত অভিযান চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত বন্যাদুর্গত এলাকা থেকে ১১ হাজার ৯৯৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে প্রায় ৩ হাজার ৯০০ মানুষের সঙ্গে এখনো যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

নিখোঁজ ব্যক্তিদের দ্রুত শনাক্ত করতে তাদের স্বজন ও নিকটাত্মীয়দের ডিএনএ নমুনা জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। মহারাজগঞ্জের নেপাল পুলিশ হাসপাতাল অথবা যেকোনো জেলা পুলিশ কার্যালয়ে এসব নমুনা জমা দেওয়া যাবে।

দুর্গত এলাকায় নেপাল সেনাবাহিনী, সশস্ত্র পুলিশ বাহিনী ও সাধারণ পুলিশের পাশাপাশি আন্তর্জাতিক বিশেষজ্ঞ দল উদ্ধারকাজ চালাচ্ছে। ভারত, চীন ও দক্ষিণ কোরিয়ার বিশেষ উদ্ধারকারী দল ল্যাংটাং, চিলিমে ও আপার ত্রিশূলীর মতো দুর্গম পার্বত্য অঞ্চল এবং জলবিদ্যুৎ প্রকল্প এলাকায় কাদা-পাথর সরানোর কাজ করছে।

এ পর্যন্ত ৩০০ জনের বেশি বিদেশি নাগরিককে উদ্ধার করা হয়েছে। তবে বিশ্বের ৩৪টি দেশের প্রায় ৫৯০ জন বিদেশি পর্যটক ও নাগরিক এখনো নিখোঁজ রয়েছেন।

উদ্ধার অভিযান আরও দ্রুত করতে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছে নেপাল সরকার।