পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এবং সংলগ্ন শহর রাওয়ালপিন্ডিতে টানা ভারী বর্ষণে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। পরিস্থিতির কারণে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। নাল্লা লাই খালের পানি বিপৎসীমা অতিক্রম করায় তীরবর্তী বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার দিবাগত রাত ৩টা ২০ মিনিট থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত টানা ভারী বৃষ্টিপাত হয়। রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার নাদিম নাসির জানান, শহরে ২০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ।
টানা বৃষ্টিতে নাল্লা লাই খালের পানি উপচে পড়ায় কাটারিয়ান ও গায়ালমান্ডি সেতু এলাকায় পানি রেকর্ড উচ্চতায় পৌঁছায়। এ সময় সাইরেন বাজিয়ে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হয়।
ভারী বৃষ্টিতে লিয়াকত বাগ, সায়্যিদাবাদ, ঢোক খাবা, পীরওয়াধাইসহ বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পানি ও পয়ঃনিষ্কাশন সংস্থা ওয়াসা বৃষ্টিজনিত জরুরি অবস্থা জারি করে ভারী যন্ত্রপাতি দিয়ে পানি নিষ্কাশন কার্যক্রম শুরু করেছে।
আরও পড়ুন:







