সোমবার

৩১ আগস্ট, ২০২৬ ১৬ ভাদ্র, ১৪৩৩

মধ্যপ্রাচ্যে বিদেশি শক্তিগুলোকে ‘কঠিন শিক্ষা’ দিতে হবে: ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২৬ ১৯:৩৪

শেয়ার

মধ্যপ্রাচ্যে বিদেশি শক্তিগুলোকে ‘কঠিন শিক্ষা’ দিতে হবে: ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন, মধ্যপ্রাচ্য থেকে বিদেশি শক্তিগুলোকে বিচ্ছিন্ন করতে হবে এবং ভবিষ্যতে যেন তারা আর আগ্রাসনের পুনরাবৃত্তি করতে না পারে, সেজন্য তাদের ‘কঠিন শিক্ষা’ দিতে হবে।

সোমবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফারসের বরাতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের লারাক দ্বীপে হামলার বিবৃতির পর ঘারিবাবাদি এ মন্তব্য করেন।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালিতে হুমকির পরিবেশ তৈরি করায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মাইন পাতা ইউনিটকে লক্ষ্য করে লারাক দ্বীপে সীমিত ও নির্ভুল হামলা চালানো হয়েছে।

এর প্রতিক্রিয়ায় ইরানও পাল্টা সামরিক পদক্ষেপ নেয়। ইরানের বিপ্লবী গার্ড জানিয়েছে, যুক্তরাষ্ট্রের লারাক দ্বীপে হামলার জবাবে জর্ডানে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

ইরান আরও দাবি করেছে, সংযুক্ত আরব আমিরাতের আল মিনহাদ বিমানঘাঁটিতে থাকা মার্কিন সামরিক সদস্য ও হেলিকপ্টারগুলোও ড্রোন হামলার লক্ষ্য ছিল। তবে সংযুক্ত আরব আমিরাত ওই ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি অস্বীকার করেছে।

ঘারিবাবাদি বলেন, ‘বিদেশিদের অবশ্যই এই অঞ্চল থেকে বিচ্ছিন্ন করতে হবে এবং তাদের এমন একটি গুরুতর শিক্ষা দিতে হবে, যাতে তারা আর আগ্রাসনের পুনরাবৃত্তি না করে।’

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানও নতুন করে মার্কিন হামলার পর বলেছেন, তেহরান যুদ্ধ চায় না; তবে কোনো ধরনের আগ্রাসনের মুখে ইরান নীরব থাকবে না।