রবিবার

৩০ আগস্ট, ২০২৬ ১৫ ভাদ্র, ১৪৩৩

এক সপ্তাহে সৌদিতে ১৪ হাজার ৪৩৪ অবৈধ অভিবাসী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৬ ১৩:০৩

শেয়ার

এক সপ্তাহে সৌদিতে ১৪ হাজার ৪৩৪ অবৈধ অভিবাসী গ্রেপ্তার
ছবি সংগৃহীত

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১৪ হাজার ৪৩৪ জনকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ। একই সঙ্গে অবৈধভাবে প্রবেশে সহায়তা, পরিবহন বা আশ্রয় দেওয়ার বিরুদ্ধে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেপ্তারদের মধ্যে ৬ হাজার ৯৭৬ জন আবাসন আইন লঙ্ঘন, ৪ হাজার ১১০ জন অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা এবং ৩ হাজার ৩৪৮ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হয়েছেন।

আটক ব্যক্তিদের মধ্যে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করা ১ হাজার ৪৫০ জন রয়েছেন। তাদের মধ্যে ৫৮ শতাংশ ইথিওপিয়ার, ৪১ শতাংশ ইয়েমেনের এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

এ ছাড়া সৌদি আরব থেকে প্রতিবেশী দেশে অবৈধভাবে প্রবেশের চেষ্টার সময় ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইন লঙ্ঘনকারীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার অভিযোগে আরও ২৭ জনকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, অবৈধভাবে সৌদিতে প্রবেশে সহায়তা করা, পরিবহন বা আশ্রয় দেওয়ার অপরাধে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে। পাশাপাশি সর্বোচ্চ ১০ লাখ সৌদি রিয়াল বা প্রায় ২ লাখ ৬৭ হাজার ডলার জরিমানা করা হতে পারে। এ ক্ষেত্রে অপরাধে ব্যবহৃত যানবাহন ও সম্পত্তিও বাজেয়াপ্ত করা হতে পারে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সন্দেহজনক আইন লঙ্ঘনের তথ্য মক্কা ও রিয়াদ অঞ্চলে ৯১১ নম্বরে এবং অন্যান্য অঞ্চলে ৯৯৯ অথবা ৯৯৬ নম্বরে জানানো যাবে।

সৌদি কর্তৃপক্ষের সাম্প্রতিক এই অভিযান দেশটির আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন কঠোরভাবে প্রয়োগের ধারাবাহিকতার অংশ।