রবিবার

৩০ আগস্ট, ২০২৬ ১৫ ভাদ্র, ১৪৩৩

ভারতে মুসলিম না থাকার চিন্তা হিন্দুত্ব নয়: মোহন ভাগবত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৬ ১২:৫২

আপডেট: ৩০ আগস্ট, ২০২৬ ১২:৫৪

শেয়ার

ভারতে মুসলিম না থাকার চিন্তা হিন্দুত্ব নয়: মোহন ভাগবত
ছবি সংগৃহীত

ভারতে কোনো মুসলিম থাকা উচিত নয় বলে যে হিন্দু মনে করেন, তিনি প্রকৃত অর্থে হিন্দু হতে পারেন না বলে মন্তব্য করেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) প্রধান মোহন ভাগবত।

শনিবার (৩০ আগস্ট) নিউইয়র্কে অনুষ্ঠিত একটি সর্বধর্ম সংলাপে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন বলে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

মোহন ভাগবত বলেন, একবার এক বক্তৃতায় মুসলিম সম্প্রদায়ের কয়েকজন তাকে প্রশ্ন করেছিলেন, আরএসএস একটি হিন্দু সংগঠন এবং হিন্দুরাষ্ট্রের কথা বলে। তাহলে ভারতে মুসলিমদের ভবিষ্যৎ কী এবং তাদের দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে কি না।

জবাবে তিনি বলেন, কোনোভাবেই নয়, এটি হিন্দুত্ব নয়। হিন্দু হতে হলে বিশ্বাস করতে হবে যে সব পথ একই লক্ষ্যে পৌঁছায় এবং প্রত্যেক মানুষের নিজস্ব মর্যাদা রয়েছে।

নিজের বক্তব্যের পক্ষে ১৯৯৬ সালে ভারতের হরিয়ানার দাদরিতে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনার উদাহরণ দেন আরএসএস প্রধান। তিনি বলেন, ওই দুর্ঘটনায় নিহতদের অধিকাংশই ছিলেন মুসলিম। তবে উদ্ধারকাজে অংশ নেওয়ার সময় আরএসএসের স্বেচ্ছাসেবকরা কখনো ভাবেননি যে নিহতরা মুসলিম।

শেষকৃত্য থেকে শুরু করে সেবা ও সহায়তার বিভিন্ন কাজ সমানভাবে করা হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।

মোহন ভাগবতের ভাষ্য, রাজনৈতিক স্বার্থ বা কোনো প্রতিদানের প্রত্যাশা ছাড়াই মানুষের সেবা করার মানসিকতার কারণেই সংঘ এ ধরনের কাজ করতে সক্ষম হয়েছে।

১৯৯৬ সালে দাদরির আকাশে সৌদিয়া অ্যারাবিয়ান এয়ারলাইন্স ও কাজাখস্তান এয়ারলাইন্সের দুটি বিমানের সংঘর্ষে ৩৪৯ জন যাত্রী ও ক্রু নিহত হন।

এদিকে, যুক্তরাষ্ট্র সফরে একাধিক কর্মসূচিতে অংশ নিলেও আরএসএসকে একটি সাম্প্রদায়িক সংগঠন হিসেবে আখ্যা দিয়ে মোহন ভাগবতের তীব্র সমালোচনা করেছেন নিউইয়র্কের প্রথম ভারতীয়-আমেরিকান ও মুসলিম মেয়র জোহরান মামদানি।