রবিবার

৩০ আগস্ট, ২০২৬ ১৫ ভাদ্র, ১৪৩৩

নেপাল-তিব্বত সীমান্তের বন্যায় মৃত ৬৮২, পঞ্চম দিনে উদ্ধার অভিযান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৬ ০৭:৫৬

শেয়ার

নেপাল-তিব্বত সীমান্তের বন্যায় মৃত ৬৮২, পঞ্চম দিনে উদ্ধার অভিযান
ছবি সংগৃহীত

নেপাল-তিব্বত সীমান্তবর্তী অঞ্চলে গত বুধবারের আকস্মিক বন্যার পর পঞ্চম দিনে গড়িয়েছে উদ্ধার অভিযান। নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৬৭৫ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে তিব্বতে ৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সব মিলিয়ে দুর্যোগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮২ জনে।

নেপালের দুর্যোগ মোকাবিলা সংস্থার তথ্য অনুযায়ী, বন্যার পর এখন পর্যন্ত ৭ হাজার ৫০০ জনের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। তবে প্রায় ২ হাজার ৫০০ জন এখনো নিখোঁজ রয়েছেন। আহত হয়েছেন ২১৯ জন।

এর আগে নেপালের পর্যটন বোর্ড জানিয়েছিল, ২৫০ জন বিদেশি নাগরিককে উদ্ধার করা হয়েছে। তবে আরও ৩২০ জনের এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।

এদিকে স্বজনদের খোঁজে নেপালের নুয়াকোট জেলায় উদ্বিগ্ন মানুষের ভিড় বাড়ছে। একই সময়ে ত্রিশূলী-৩ ‘এ’ জলবিদ্যুৎ প্রকল্প এলাকাতেও উদ্ধার অভিযান চলছে। কাদামাটির নিচে চাপা পড়ে থাকা টানেলগুলোতে জীবিতদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকারীরা।

বিবিসির সঙ্গে কথা বলা এক ব্যক্তি জানান, নিজের গ্রামের বর্তমান পরিস্থিতি দেখতে তিনি ইংল্যান্ডের সাসেক্স থেকে নেপালে এসেছেন। পরে বাবাকে সঙ্গে নিয়ে দুর্গত এলাকায় যান তিনি। তার স্ত্রী, মা, চাচা ও ভাই এখনো নিখোঁজ বলে জানান ওই ব্যক্তি।

তিনি বলেন, যেখানে তাদের গ্রাম ছিল, সেই পুরো এলাকা এখন পানির নিচে।

তবে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের মধ্যেও আশার কিছু ঘটনাও সামনে এসেছে। এর আগে প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, এক মা তার আট বছর বয়সী ছেলের সঙ্গে পুনর্মিলিত হয়েছেন। বন্যার পানি থেকে বাঁচতে শিশুটি একটি গাছে উঠে আশ্রয় নিয়েছিল।