পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর দখল করে নেওয়ার কথা বলেছেন পশ্চিমবঙ্গের রাজনীতিক শুভেন্দু অধিকারী।
শুক্রবার (২৮ আগস্ট) কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। শনিবার (২৯ আগস্ট) ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চলমান হুমকির সংস্কৃতির অবসান ঘটানোর সময় এসেছে উল্লেখ করে শুভেন্দু বলেন, ক্যাম্পাসের ভেতরে ও বাইরে জাতীয়তাবাদ পুনরুজ্জীবিত করতে হবে।
অপারেশন সিঁদুরের বিরুদ্ধে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিলের সমালোচনা করে তিনি বলেন, কাশ্মীর বা ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে স্লোগান দেওয়ার আগে শিক্ষার্থীদের পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের স্বাধীনতার দাবি করা উচিত।
তার ভাষ্য, কাশ্মীর মাঙ্গে আজাদি বা ফ্রি প্যালেস্টাইনের মতো স্লোগান দেওয়ার আগে ফ্রি পিওকের কথা বলা উচিত। তিনি দাবি করেন, ভারত অবশ্যই ওই কাশ্মীর ফিরিয়ে নেবে।
গত সপ্তাহে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিজেপিপন্থি ছাত্রসংগঠন এবিভিপি ও বামপন্থি ছাত্রসংগঠন এসএফআইয়ের মধ্যে সংঘর্ষের পর সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেন শুভেন্দু। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়টিতে দীর্ঘদিন ধরে হুমকির সংস্কৃতি বিরাজ করছে এবং এখন তা বন্ধ করার সময় এসেছে।
পশ্চিমবঙ্গের আগের তৃণমূল ও বাম সরকারের বিরুদ্ধে জাতীয়তাবাদ এবং রাজ্যের ঐতিহ্যকে অবমূল্যায়নের অভিযোগও তোলেন তিনি। তার দাবি, যাদবপুর বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে কমিউনিস্টদের প্রভাবে ছিল এবং শিক্ষার্থীদের স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, ভারতীয় ও বাঙালি ঐতিহ্য এবং দেশের সাংস্কৃতিক ঐতিহ্য থেকে দূরে সরিয়ে রাখা হয়েছিল।
তিনি আরও দাবি করেন, সংশ্লিষ্টদের বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিংবা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি খুঁজে পাওয়া যাবে না।
আরও পড়ুন:







