শুক্রবার

২৮ আগস্ট, ২০২৬ ১৩ ভাদ্র, ১৪৩৩

নেপালে বন্যায় ভেসে আসা লাশের কানের দুল ছিঁড়তে গিয়ে আটক দুই

নিউজ ডেস্ক বাংলা এডিশন

প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৬ ২১:৩৪

শেয়ার

নেপালে বন্যায় ভেসে আসা লাশের কানের দুল ছিঁড়তে গিয়ে আটক দুই
ছবি সংগৃহীত

প্রকৃতির নির্মম ধ্বংসলীলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে হিমালয়ের কন্যা নেপাল। ভয়াবহ বন্যা ও ভূমিধসে রাসুয়া জেলাসহ বিভিন্ন এলাকা থেকে এ পর্যন্ত ৫৪৭ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্যমতে, এখনো নিখোঁজ রয়েছেন ৯৭৭ জন, যার মধ্যে ৫১৭ জন বিদেশি নাগরিক। আহত হয়েছেন প্রায় দেড় হাজার মানুষ। সেনাবাহিনী ও সাড়ে চার হাজার পুলিশ সদস্যের প্রাণপণ উদ্ধার অভিযান চলছে। চারদিকে স্বজন হারানোর হাহাকারের মধ্যেই মানবিকতার চরম অবক্ষয় ও বেপরোয়া আচরণের নগ্ন রূপ উন্মোচিত হয়েছে।

ভেসে আসা লাশের কানের দুল ছিঁড়ে গ্রেপ্তার

তিব্বতে ভূমিধস এবং নেপালের নদীগুলোতে ভয়াবহ বন্যার পর তীরে এক নারীর নিথর দেহ ভেসে আসে। সেখানে উপস্থিত দুই ব্যক্তি উদ্ধারকাজ বা সৎকারের পরিবর্তে ওই লাশের কান থেকে সোনার দুল খুলে নেন। গোপনে ধারণ করা এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র ক্ষোভ শুরু হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ভরতপুরের পোখারা বাস পার্ক এলাকা থেকে মদন গুরং ও উমেশ চৌধুরী নামের দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে চিতওয়ান পুলিশ।

জীবনের ঝুঁকি নিয়ে সিলিন্ডার সংগ্রহ

অমানবিকতার পাশাপাশি চরম বোকামির চিত্রও দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ৭০ সেকেন্ডের একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, চারদিকে কাদার ধ্বংসস্তূপের মধ্যে উত্তাল বানের জলে ভেসে আসা এলপিজি গ্যাস সিলিন্ডার, প্লাস্টিকের বোতল ও কাঠ সংগ্রহ করতে জীবনের ঝুঁকি নিচ্ছেন অনেকে। দুর্যোগের এই ভয়াবহতার মুখে জীবনের চেয়ে সামান্য একটি সিলিন্ডার কিংবা কাঠের টুকরো বেশি মূল্যবান কি না, সেই প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। একদিকে নিখোঁজদের সন্ধানে যৌথ বাহিনীর কঠিন লড়াই, অন্যদিকে কিছু মানুষের এমন অমানবিক কর্মকাণ্ডে শোকাহত পরিবারগুলোর কষ্ট আরও বহুগুণ বেড়েছে।