নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় এক মাসের বেতন প্রধানমন্ত্রীর দুর্যোগ তহবিলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির মন্ত্রীরা। শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে নেপালের প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ। এ বিষয়ে বিবিসি প্রতিবেদন প্রকাশ করেছে।
মন্ত্রিপরিষদের এক বিবৃতিতে বলা হয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ ও ব্যবসাপ্রতিষ্ঠানের পুনর্বাসনে একটি বিশেষ সহায়তা প্যাকেজ প্রস্তুতের নির্দেশ দেয়া হয়েছে অর্থ মন্ত্রণালয়কে।
সম্প্রতি নেপাল-চীন সীমান্তবর্তী রাসুওয়াগাধি, ভোতেকোশি নদী ও এর নিম্নাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দেয়। এতে প্রাণহানির পাশাপাশি বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করার উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছে নেপাল সরকার।
এদিকে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপাল ও তিব্বতে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯ জনে দাঁড়িয়েছে। শুক্রবার নেপাল পুলিশ জানিয়েছে, দেশটির চীন সীমান্তবর্তী দুর্যোগকবলিত এলাকায় এখনো শত শত মানুষ নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
নেপালি কর্তৃপক্ষের তথ্যমতে, বুধবারের বন্যা ও ভূমিধসের পর শুক্রবার সকাল পর্যন্ত উদ্ধারকারী দল ৪৬৯টি মরদেহ উদ্ধার করেছে। এ ছাড়া এখন পর্যন্ত ১ হাজার ৫৪৫ জনকে উদ্ধার করা হয়েছে।
এর আগে কর্তৃপক্ষ নেপালে ৩৯০ জন এবং তিব্বতে তিনজনের মৃত্যুর খবর জানিয়েছিল। ওই দুর্যোগে নিখোঁজ মানুষের সংখ্যা ১ হাজার ৪০০ ছাড়িয়ে যায়।
নেপালি কর্তৃপক্ষ জানিয়েছে, এরই মধ্যে শত শত মানুষকে উদ্ধার করা হয়েছে। রাজধানী কাঠমান্ডুতে কয়েক ডজন মানুষ চিকিৎসাধীন রয়েছেন। নিখোঁজদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিকও রয়েছেন। তাদের অনেকেই ট্রেকিং বা তীর্থযাত্রার জন্য দুর্যোগকবলিত এলাকায় গিয়েছিলেন।
ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় উদ্ধার ও ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে নেপাল পুলিশ।
আরও পড়ুন:







