মঙ্গলবার

২৫ আগস্ট, ২০২৬ ১০ ভাদ্র, ১৪৩৩

প্রকাশ্যে এলো মোজতবা খামেনির নতুন ভিডিও

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৬ ১৮:৪১

শেয়ার

প্রকাশ্যে এলো মোজতবা খামেনির নতুন ভিডিও
ছবি সংগৃহীত

চলমান যুদ্ধ ও ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেই প্রথমবার প্রকাশ্যে এল ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির কণ্ঠস্বর। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত একটি বিরল ও তারিখহীন ভিডিওতে ৫৬ বছর বয়সী এই শীর্ষ ধর্মীয় নেতাকে একটি একাডেমিক সেশনে সভাপতিত্ব করতে এবং এক শিক্ষার্থীর গবেষণাপত্র মূল্যায়ন করতে দেখা গেছে।

ভিডিওতে মোজতবা খামেনিকে ইরানি শাসনব্যবস্থার ইসলামিক নিরাপত্তা মডেল নিয়ে আলোচনা করতে দেখা যায়। সেশন শেষে তিনি সংশ্লিষ্ট শিক্ষার্থীর গবেষণাপত্রকে ত্রুটিহীন হিসেবে উল্লেখ করে ২০-এর মধ্যে ১৯ দশমিক ৫ নম্বর দেন। তবে ভিডিওটি ঠিক কখন ধারণ করা হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

২৮ ফেব্রুয়ারি চলমান সংঘাতের প্রথম দিনে হামলায় তার বাবা নিহত হওয়ার পর মোজতবা খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব নেওয়ার পর জনসমক্ষে তার সীমিত উপস্থিতির কারণে হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে।

রয়টার্সের এপ্রিলে প্রকাশিত এক প্রতিবেদনে সূত্রের বরাতে বলা হয়, মোজতবা খামেনি মুখের আকৃতি পরিবর্তন এবং পায়ের গুরুতর ট্রমা থেকে সেরে উঠছেন। এর আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছিলেন, তিনি আহত এবং সম্ভবত তার চেহারায় বিকৃতি ঘটেছে। তবে ইরানি কর্মকর্তারা দাবি করেন, আঘাত পেলেও তা তার নেতৃত্ব প্রদানে বাধা সৃষ্টি করেনি।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, শারীরিক অবস্থা যাই হোক, মোজতবা মানসিকভাবে সজাগ রয়েছেন এবং অডিও কনফারেন্সের মাধ্যমে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নিচ্ছেন। যুদ্ধ ও ওয়াশিংটনের সঙ্গে সমঝোতা আলোচনার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তেও তিনি সক্রিয় রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

নতুন ভিডিওটির ধারণের সঠিক সময় বা মোজতবা খামেনির বর্তমান শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য নিশ্চিত করা যায়নি। তবে তার স্বাস্থ্য ও নেতৃত্বের স্থায়িত্ব নিয়ে দীর্ঘদিনের গুঞ্জনের মধ্যে ভিডিওটি প্রকাশ্যে আসায় এটি গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

হরমুজ প্রণালির অচলাবস্থা এবং যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে তেহরান ও ওয়াশিংটনের টানাপোড়েনের মধ্যেই ভিডিওটি প্রকাশ করা হলো।