ভারতের মহারাষ্ট্রের অমরাবতীর একটি সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে চিকিৎসাধীন তিন নবজাতকের মৃত্যু হয়েছে। রোববার (২৩ আগস্ট) দিনগত রাত সাড়ে ৩টার দিকে জেলা মহিলা হাসপাতালের বিশেষ নবজাতক পরিচর্যা ইউনিটে (এসএনসিইউ) এ দুর্ঘটনা ঘটে।
হাসপাতালের তিন তলার একটি ভেন্টিলেটর আচমকা বিস্ফোরিত হলে মুহূর্তের মধ্যে পুরো কেয়ার ইউনিটে আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের সময় ওই ইউনিটে মোট ৩৯ জন নবজাতক ভর্তি ছিল।
আগুন লাগার পর চিকিৎসক, নার্স ও হাসপাতালের অন্য কর্মচারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মেডিকেল সরঞ্জাম বিচ্ছিন্ন করে একে একে নবজাতকদের নিরাপদ স্থানে সরিয়ে নেন। তবে ধোঁয়ায় দমবন্ধ হয়ে এবং আগুনে গুরুতর দগ্ধ হয়ে তিন নবজাতকের মৃত্যু হয়।
এ ঘটনায় গুরুতর আহত আরও ছয় নবজাতককে আশঙ্কাজনক অবস্থায় নিকটস্থ সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপের কারণে বেশ কয়েক ডজন শিশু বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছে।
প্রাথমিকভাবে ভেন্টিলেটর বিস্ফোরণকে অগ্নিকাণ্ডের কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও হাসপাতাল কর্তৃপক্ষ।
আরও পড়ুন:








