বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে ২৪ জন ক্রুসহ পানামার পতাকাবাহী একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় বাংলাদেশি একজনসহ ২২ নাবিক নিখোঁজ রয়েছেন। শনিবার এ ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ১ হাজার ৭০০ টন লৌহ আকরিক নিয়ে এমভি ওশন-উইনার নামের জাহাজটি গত ২০ আগস্ট ওড়িশার পারাদ্বীপ থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়। জাহাজটিতে ২০ জন চীনা, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশি নাগরিকসহ মোট ২৪ জন ক্রু ছিলেন।
জাহাজটি যে এলাকায় ডুবে গেছে, সেটি পারাদ্বীপ বন্দর থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে। আন্দামান-নিকোবরের রাজধানী শ্রী বিজয়া পুরমে অবস্থিত ভারতীয় কোস্টগার্ডের মেরিটাইম রেস্কিউ কো-অর্ডিনেশন সেন্টারের (এমআরসিসি) কর্মকর্তারা জানান, শনিবার বেলা ১১টা ৪৮ মিনিটে এমভি ওশন-উইনারের নির্মাতা কোম্পানির একটি সহযোগী প্রতিষ্ঠান তাদের সঙ্গে যোগাযোগ করে। তারা জানায়, জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
পরে জাহাজটির সম্ভাব্য অবস্থান শনাক্ত করে নাবিকদের উদ্ধারে অভিযান শুরু করে ভারতীয় কোস্টগার্ড। রাত ৮টা নাগাদ দুই নাবিককে জীবিত উদ্ধার করা হয়।
উদ্ধার অভিযানে ভারতীয় কোস্টগার্ডের সঙ্গে যোগ দিয়েছে ভারতীয় নৌবাহিনী। অভিযানের জন্য নৌবাহিনীর তিনটি জাহাজ ভারাদ, আনমোল ও বিজিত মোতায়েন করা হয়েছে। নৌবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, নিখোঁজ বাকি ২২ জনকে উদ্ধারে অভিযান চলমান রয়েছে।
শনিবার ঠিক কখন এবং কী কারণে জাহাজটি ডুবেছে, তা এখনও স্পষ্ট নয়। উদ্ধার অভিযান শেষ হওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
সূত্র: এনডিটিভি, ইন্ডিয়া টুডে
আরও পড়ুন:








