শনিবার

২২ আগস্ট, ২০২৬ ৭ ভাদ্র, ১৪৩৩

কর্মী নিয়োগে বাংলাদেশের ২৫টি সংস্থা নির্ধারণ মালয়েশিয়ার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৬ ২১:২৬

শেয়ার

কর্মী নিয়োগে বাংলাদেশের ২৫টি সংস্থা নির্ধারণ মালয়েশিয়ার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে ২৫টি রিক্রুটিং সংস্থা বা এজেন্সির তালিকা প্রকাশ করেছে মালয়েশিয়া। দেশটির ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেমের (এফডব্লিউসিএমএস) ওয়েবসাইটে এজেন্সিগুলোর তালিকা দেয়া হয়েছে।

যদিও মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের নিয়োগ কীভাবে হবে, তা এখনও অস্পষ্ট রয়ে গেছে।

ওয়েবসাইটে এজেন্সিগুলোর নাম কবে আপলোড করা হয়েছে সেটাও উল্লেখ করা হয়নি। পাশাপাশি নতুন ব্যবস্থার অধীনে এজেন্সিগুলো কীভাবে কার্যক্রম পরিচালনা করবে, তা নিয়েও বিস্তারিত কোনো তথ্য দেয়া হয়নি।

অতিরিক্ত অভিবাসন ব্যয়, কর্মীদের কাজ না পাওয়া এবং অন্যায়-অত্যাচারের অভিযোগের পর ২০২৪ সালের জুনে বাংলাদেশি কর্মী নিয়োগ স্থগিত করে মালয়েশিয়া।

চলতি বছরের জুনে মালেয়শিয়া সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান৷ দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় শ্রম অভিবাসন নিয়ে আলোচনা করেন তিনি৷ ওই আলোচনায় বিদ্যমান সমঝোতা স্মারক পর্যালোচনা এবং একটি সংশোধিত চুক্তি তৈরির জন্য যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মত হয় দুই নেতা।

মালয়েশিয়া পরে জানায়, বিদেশী কর্মী নিয়োগে কোটার আবেদন এফডব্লিউসিএমএস-এর ‘ই-কোটা’ মডিউলের মাধ্যমে প্রক্রিয়া করা হবে।

এর মধ্যেই এফডব্লিউসিএমএস-এর ওয়েবসাইটে নতুন করে রিক্রুটিং এজেন্সির নাম দেয়া হলো। যদিও বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হওয়া নিয়ে অনিশ্চয়তা কাটেনি এবং আগের নিয়োগ প্রক্রিয়ার সমস্যাগুলো নতুন এই ব্যবস্থায় সমাধান হবে কি না, তা নিয়েও উদ্বেগ রয়ে গেছে।

এর আগে, সরকার আনুষ্ঠানিক ঘোষণা না দেয়া পর্যন্ত চুক্তি সই, কর্মীদের পাসপোর্ট সংগ্রহ, স্বাস্থ্য পরীক্ষা বা কোনো অর্থ না নিতে রিক্রুটিং এজেন্সিগুলোকে নির্দেশ দিয়েছিল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

মালয়েশিয়া যে ২৫টি এজেন্সিকে নির্ধারণ করা হয়েছে, সেগুলো হলো: বাংলাদেশ ওয়ান ওভারসিজ লিমিটেড, বেঙ্গল হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট, জেনারেল ট্রেডিং কোম্পানি, ইউনাইটেড গালফ সার্ভিসেস, অন্বেষা এয়ার ইন্টারন্যাশনাল, আত-ত্বাকওয়া ওভারসিজ লিমিটেড, আর্থ-স্মার্ট বাংলাদেশ লিমিটেড, খান জাহান আলী ওভারসিজ, মেসার্স আল-সুপ্ত ওভারসিজ, মাদারল্যান্ড ওভারসিজ লিমিটেড, রিফা ইন্টারন্যাশনাল।

আরো আছে, ভেলি ট্রেড ইন্টারন্যাশনাল, এ-প্লাস ইন্টারন্যাশনাল, আল-হায়াত ওভারসিজ, ভালুকা ওভারসিজ, ব্রাদার্স ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং লিমিটেড, চাঁদপুর ইন্টারন্যাশনাল, কান্ট্রি এমপ্লয়মেন্ট এজেন্সি, গুডনেস সার্ভিসেস লিমিটেড, জুয়েল রিংকু এন্টারপ্রাইজ, মেসার্স সাতক্ষীরা ইন্টারন্যাশনাল, ম্যানগ্রোভ ক্যারিয়ার লিংক, নেইবার অ্যাসোসিয়েটস লিমিটেড, তানিয়া ট্রেড ইন্টারন্যাশনাল ও দ্য অ্যাংকর কেয়ার গ্লোবাল মাইগ্রেশন।

এ তালিকায় বাংলাদেশ ছাড়াও কম্বোডিয়া, ভারত, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন্স, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও ভিয়েতনামের রিক্রুটিং এজেন্সি নির্দিষ্ট করে দেয়া হয়েছে।



banner close
banner close